ইউনিয়ন ব্যাংকের দর কমেছে ১৩ শতাংশ

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক পিএলসির শেয়ারদর কমেছে ১৩ শতাংশ।

গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক পিএলসির শেয়ারদর কমেছে ১৩ শতাংশ। এতে ব্যাংকটির শেয়ার সাপ্তাহিক দর কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২ টাকায় দাঁড়িয়েছে। এর আগের সপ্তাহ শেষে শেয়ারটির দর ছিল ২ টাকা ৩০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউনিয়ন ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ১৫ টাকা ৪১ পয়সায়।

নির্ধারিত সময়ে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে ব্যর্থ হওয়ার কারণে এ বছরের জানুয়ারিতে ইউনিয়ন ব্যাংকের শেয়ার বি থেকে জেড ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। গত বছরের ৩১ ডিসেম্বর কোম্পানিটির এজিএম করার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হয়নি। এর ফলে সিকিউরিটিজ আইনানুসারে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরি অবনমন করা হয়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপাশি করেছে ইউনিয়ন ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপাশি করেছে ব্যাংকটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৬ কোটি ২৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৪১ কোটি ১০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৪৮। এর মধ্যে ৫৪ দশমিক ৪৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৫৭ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩০ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গত এক বছরে ইউনিয়ন ব্যাংকের শেয়ার ১ টাকা ৯০ পয়সা থেকে ৭ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও