গত বুধবার জারি করা এক সরকারি আদেশে বলা হয়েছে, মাসে ১০ টনের বেশি চিনি ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো ১৫ দিনের বেশি চিনি মজুদ রাখতে পারবে না। নতুন এ নিয়ম আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং ৩০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। খবর রয়টার্স।
ভারতে গত এক মাসে চিনির দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটিতে চিনির দাম রেকর্ড পর্যায়ে রয়েছে। সরবরাহ কমে আসা এবং উৎসবের মৌসুমে চাহিদা বাড়ায় অন্তত তিন মাস দাম বেশি থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আগস্ট-নভেম্বর পর্যন্ত ভারতে চাহিদা সাধারণত বেশি থাকে। এ সময় গণেশ চতুর্থী, দশেরা ও দীপাবলির মতো বড় উৎসব হয়। বিস্কুট ও মিষ্টিজাতীয় পণ্য তৈরির প্রতিষ্ঠানগুলোও তাই উৎসবের আগে বেশি চিনি মজুদ করে।
চিনির সরবরাহ বাড়াতে ভারত সীমিত পরিমাণে শুল্কমুক্ত আমদানির সুযোগ দেয়ার কথাও ভাবছে। পাশাপাশি বড় ব্যবসায়ীদের মজুদের ওপর আরো কড়াকড়ি আরোপের পরিকল্পনা রয়েছে।
এর আগে জুলাইয়ে ব্যবসায়ীদের ৩০ দিনের বেশি চিনি মজুদ না রাখার নির্দেশ দেয়া হয়েছিল। তবে বৃষ্টির ঘাটতি ও শুষ্ক আবহাওয়ায় আখের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।