পানীয়র বাজারে অবস্থান পুনরুদ্ধারে নতুন লড়াই পেপসির

সোডা বাজারে কোকা-কোলার কাছে আগেই হেরেছে পেপসিকো। এরপর গত বছর ডক্টর পেপারের কাছে হেরে আরেক ধাপ নেমে যায় ব্র্যান্ডটি।

সোডা বাজারে কোকা-কোলার কাছে আগেই হেরেছে পেপসিকো। এরপর গত বছর ডক্টর পেপারের কাছে হেরে আরেক ধাপ নেমে যায় ব্র্যান্ডটি। এখন কোমল পানীয়র বাজারে ডক্টর পেপারের অবস্থান দ্বিতীয়। এ পরিস্থিতিতে পেপসিকোর পরিচালনায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে মনে করছে অ্যাক্টিভিস্ট ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান এলিয়ট ম্যানেজমেন্ট। খবর সিএনএন।

পেপসিকোয় প্রায় ৪০০ কোটি ডলারের অংশীদারত্ব রয়েছে এলিয়টের। এখন কোম্পানির ব্যবসায়িক অবস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চায় সংস্থাটি।

গত মঙ্গলবার পেপসিকোর পরিচালনা পর্ষদকে লেখা চিঠিতে এলিয়ট ইনভেস্টমেন্ট জানিয়েছে, পেপসিকো বর্তমানে ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। আর্থিক অবস্থা পুনর্গঠনের পাশাপাশি সোডা শিল্পে শীর্ষস্থান ফিরে পেতে সুযোগ ও দায়বদ্ধতা উভয়ই রয়েছে পেপসিকোর।

এলিয়ট ম্যানেজমেন্টকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে পেপসিকো। প্রতিষ্ঠানটি বলছে, ‘আমরা দীর্ঘমেয়াদি শেয়ারহোল্ডারদের গঠনমূলক মতামতকে গুরুত্ব দিই। শেয়ারহোল্ডারদের সঙ্গে এ ধরনের সক্রিয় ও ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাব।’

লে’স, ডরিটোস, চিটোস, গেটোরেড, পেপসি, মাউন্টেন ডিউ ও কোয়েকার মতো বিশ্ববিখ্যাত পানীয় ও স্ন্যাকস ব্র্যান্ডগুলোর প্যারেন্ট প্রতিষ্ঠান পেপসিকো। সাম্প্রতিক বছরগুলোয় প্রতিষ্ঠানটি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এ কারণে ক্রমেই বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছে। গত এক বছরে পেপসিকোর শেয়ারদর কমেছে ১৫ শতাংশ।

খাদ্য শিল্পে চলমান অস্থিরতার মাঝে পেপসিকোর পুনর্গঠনে নতুন তৎপরতা দেখা যাচ্ছে। মূল্যস্ফীতির কারণে গ্রাহকরা ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন বা কম দামি ব্র্যান্ডে চলে যাচ্ছেন। সেই সঙ্গে খাবারে কৃত্রিম স্বাদ ও অন্যান্য উপাদান যোগ করার ক্ষেত্রে মার্কিন বিধিনিষেধ কোম্পানিগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

২০২৪ সালে পেপসিকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম সোডা ব্র্যান্ডের জায়গা দখল করে নেয় ডক্টর পেপার। বিশেষ করে কলেজ ফুটবলের আয়োজনে ব্যাপক বিনিয়োগ, স্ট্রবেরি ও ক্রিমের মতো অভিনব স্বাদ বাজারজাত পণ্যটিকে জনপ্রিয় করে তুলছে।

এলিয়ট ম্যানেজমেন্টের মতে, সোডা বাজারে পেপসিকোর এ ক্ষতি স্ব-আরোপিত। সেই সঙ্গে তাদের বেশকিছু অপ্রয়োজনীয় ব্র্যান্ড রয়েছে। চিপস ও ক্র্যাকারের বাজারের স্থবিরতা লাভজনক বিভাগ ফ্রিটো-লে দুর্বল হয়ে পড়েছে।

পরিস্থিতি থেকে উত্তরণে পেপসিকোকে কয়েকটি পরিবর্তনের প্রস্তাব দিয়েছে এলিয়ট। এর মধ্যে রয়েছে পেপসিকোর স্বাধীন বোতলজাত পণ্য সরবরাহকারীদের নেটওয়ার্ক পুনরায় ফ্র্যাঞ্চাইজির আওতায় আনা। কিছু পানীয় ও খাদ্য ব্র্যান্ড বিক্রির পরামর্শও দিয়েছে এলিয়ট।

আরও