দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ১০ শতাংশ কমেছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরুর কিছুক্ষণ পর থেকেই নিম্নমুখী ছিল সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮২৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৮৩১ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৬ দশমিক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৬০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন সামান্য কমে ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১ পয়েন্ট।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ন্যাশনাল ব্যাংক, লাফার্জহোলসিম বাংলাদেশ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার।
ডিএসইতে গতকাল ২৯৩ কোটি ২১ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩০৩ কোটি ১৪ লাখ টাকা। একদিনের ব্যবধানে লেনদেন কমেছে ৩ দশমিক ২৮ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৫৭টির আর দর অপরিবর্তিত ছিল ৭০টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। ১৪ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। প্রকৌশল খাত ১১ দশমিক ৮ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল।