১০০ টাকার নতুন নোট বাজারে আসছে আগামীকাল

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের সব মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে আগামীকাল বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট। এর আগে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ছাড়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর স্বাক্ষরিত ১০০ টাকার নতুন নোট এবার বাজারে প্রচলন করা হবে।

১২ আগস্ট প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে বলে জানানো হয়েছে।

১০০ টাকা মূল্যমানের নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগে ডানপাশে নিচের দিকে তিনটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ডিজাইনের ১০০ টাকার নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগজের নোট ও ধাতব মুদ্রাও একইভাবে বাজারে চলমান থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১০০ টাকার অবিনিময়যোগ্য নমুনা নোটও মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগ্রহীরা মিরপুরের টাকা জাদুঘর থেকে নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।

আরও