এশিয়ায় কভিড-১৯-এর প্রকোপ বৃদ্ধির কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তিন সপ্তাহের সর্বনিম্নে পৌঁছেছে। বুধবার প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ২ ডলার করে কমে যায়। এশিয়ার দেশগুলোয় কমতির দিকে থাকা চাহিদা এ দরপতনে প্রভাবকের ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২ দশমিক ৫ ডলার বা ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৬ দশমিক ৬৬ ডলারে ঠেকেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ভবিষ্যৎ সরবরাহ মূল্য ২ দশমিক ১৩ ডলার তথা ৩ দশমিক ৩ শতাংশ কমে ৬৩ দশমিক ৩৬ ডলারে নেমে গেছে। এর আগে ডব্লিউটিআইয়ের সরবরাহ মূল্য আরো ৫ শতাংশ কমেছিল।
এদিকে করোনার প্রভাব কাটিয়ে মার্কিন ও ইউরোপীয় অর্থনীতি সচল হতে শুরু করেছে। ফলে এ অঞ্চলগুলোয় বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল এসব অঞ্চলে ব্রেন্ট ক্রুডের দাম ১০ সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। এদিন প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুডের দাম ৭০ ডলারের বেশি বাড়ে। অন্যদিকে ভারত, তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডে কভিডের কারণে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় এশীয় বাজারে জ্বালানি তেলের চাহিদা কমতে শুরু করেছে।