এআইয়ের কল্যাণে আলিবাবার প্রথম প্রান্তিকে আয় বৃদ্ধি

চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবার এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় বেড়েছে ৭ শতাংশ।

চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবার এ বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আয় বেড়েছে ৭ শতাংশ। এর প্রধান কারণ হিসেবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরিষেবার বৃদ্ধির কথা উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার জানিয়েছে, প্রান্তিকটিতে তাদের মোট আয় হয়েছে ২৩ হাজার ৬৫০ কোটি ইউয়ান বা প্রায় ৩ হাজার ২৬০ কোটি ডলার। খবর আনাদোলু এজেন্সি।

আলিবাবার ক্লাউড কম্পিউটিং পরিষেবা, ক্লাউড ইন্টেলিজেন্সের আয় ১৮ শতাংশ বেড়ে ৩ হাজার ১০ কোটি ইউয়ান বা প্রায় ৪১৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ ছিল এআই সেবার চাহিদা বৃদ্ধি। একই সময়ে প্রতিষ্ঠানটির নিট আয় দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ কোটি ইউয়ান বা প্রায় ১৭০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭৯ শতাংশ বেশি।

আলিবাবার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) টোবি জু বলেন,”’আমরা আমাদের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের মূল খাতগুলোয় বিনিয়োগ অব্যাহত রাখব, যাতে প্রতিযোগিতামূলক সুবিধা আরো শক্তিশালী হয়। আমরা শেয়ারহোল্ডারদের রিটার্ন বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।’ "

চলতি বছরে আলিবাবার এআই খাতে উল্লেখযোগ্য অংশীদারত্ব দেখা গেছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ফেব্রুয়ারিতে জানায়, তারা চীনে বিক্রি হওয়া আইফোনে আলিবাবার এআই সেবা যুক্ত করবে।

এছাড়া মার্চে জার্মান গাড়ি নির্মাতা বিএমডব্লিউ ঘোষণা দেয়, তারা আলিবাবার সঙ্গে মিলে চীনে বিক্রি হওয়া গাড়িতে এআই প্রযুক্তি সংযুক্ত করবে। আলিবাবার নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) কুয়েন ব্যবহার করে একটি এআই ইঞ্জিন তৈরি করবে।

এপ্রিলে আলিবাবা তাদের এআই মডেলের সর্বশেষ সংস্করণ"কুয়েনথ্রি উন্মোচন করে। বিভিন্ন মানদণ্ডে পরীক্ষা করে দেখা গেছে, এটি মার্কিন এআই প্রতিষ্ঠান ওপেন এআইয়ের ও১ এবং চীনা প্রতিষ্ঠান ডিপসিকের আর১ মডেলের সমকক্ষ কিংবা অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

আরও