মালয়েশিয়ার পাম অয়েলের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়া, রফতানি চাহিদা বৃদ্ধি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বন উজাড়বিরোধী আইন কার্যকরে বিলম্ব এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
গতকাল বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভ এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম পৌঁছেছে ৪ হাজার ৪৪০ রিঙ্গিতে (১ হাজার ৫৫ ডলার ১৩ সেন্ট)। এটি আগের দিনের তুলনায় টনে ৬১ রিঙ্গিত বা ১ দশমিক ৩৯ শতাংশ বেশি।
কুয়ালালামপুরভিত্তিক ট্রেডিং প্রতিষ্ঠান আইসবার্গ এক্সের ব্যবসায়ী ডেভিড নগ জানান, সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়া এবং রফতানি চাহিদা বেড়ে যাওয়ায় পাম অয়েলের দর বৃদ্ধি পেয়েছে। কার্গো সার্ভেয়ারদের হিসাব অনুযায়ী ১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া থেকে পাম অয়েলজাত পণ্যের রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৩ থেকে ১২ দশমিক ৯ শতাংশ বেড়েছে।