মার্জিন বিধিমালা সংশোধনে বিএসইসির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক মার্জিন বিধিমালা, ২০২৫-এর সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএ।

গতকাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

ডিবিএ সংবাদ বিজ্ঞপ্তিতে গত ১৩ জুলাই বিএসইসি আয়োজিত সভার জন্য সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে। উক্ত সভায় ডিবিএ এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় সংশোধিত মার্জিন বিধিমালার ওপর অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাব, মতামত ও উদ্বেগ অত্যন্ত মনোযোগ সহকারে শুনে গঠনমূলক আলোচনা পরিচালনা এবং সংস্কার প্রক্রিয়ায় সেগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেয়ায় ডিবিএ বিএসইসি চেয়ারম্যানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ডিবিএ মনে করে, বিএসইসির বাস্তবমুখী ও বাজারবান্ধব এ উদ্যোগ দেশের পুঁজিবাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। সংশোধিত মার্জিন বিধিমালা, ২০২৫ একটি ভারসাম্যপূর্ণ, আধুনিক ও ভবিষ্যৎমুখী নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠায় সহায়ক হবে, যা বাংলাদেশের পুঁজিবাজারের সুশৃঙ্খল, স্বচ্ছ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডিবিএ আশা প্রকাশ করেছে, অচিরেই সংশোধিত মার্জিন বিধিমালার খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হবে। খসড়াটি পর্যালোচনার পর প্রয়োজনবোধে ডিবিএ তার বিস্তারিত মতামত ও সুপারিশ কমিশনের কাছে উপস্থাপন করবে।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘‌বাংলাদেশের পুঁজিবাজারকে আরো শক্তিশালী, আধুনিক ও বিনিয়োগবান্ধব করতে বিএসইসি যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, ডিবিএ সে উদ্যোগকে সর্বাত্মকভাবে সমর্থন করে। ভবিষ্যতেও দেশের পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সব সংস্কার কার্যক্রমে বিএসইসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ডিবিএ সর্বদা প্রস্তুত থাকবে।’

আরও