ভারতে প্রথমবারের মতো গহনায় নয়, স্বর্ণে রেকর্ড বিনিয়োগ

ভারতে প্রথমবারের মতো গহনার চেয়ে বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণ কেনার হার বেড়েছে।

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে গহনা ব্যবহারের তুলনায় বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার চাহিদা বেশি ছিল। মূলত শেয়ারবাজারে কাঙ্ক্ষিত মুনাফা না পাওয়া এবং নিরাপদ বিনিয়োগের খোঁজে সাধারণ মানুষ স্বর্ণের দিকে ঝুঁকছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় প্রথম প্রান্তিকে ভারতে স্বর্ণের বিনিয়োগ চাহিদা ৫২ শতাংশ বেড়ে ৮২ টনে দাঁড়িয়েছে। অন্যদিকে গহনা তৈরির জন্য স্বর্ণের চাহিদা ১৯ দশমিক ৫ শতাংশ কমে ৬৬ টনে নেমেছে। স্বর্ণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ক্রেতারা গহনা কেনা কমিয়ে দিলেও বিনিয়োগকারীরা মুদ্রা ও বার কেনায় বেশি আগ্রহী হয়েছেন।

ডব্লিউজিসি ভারতের প্রধান নির্বাহী শচীন জৈন জানান, বিনিয়োগকারীরা এখন স্বর্ণকে আপৎকালীন সম্পদ হিসেবে দেখছেন। বিশেষ করে গোল্ড ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ ১৮৬ শতাংশ বেড়ে রেকর্ড ২০ টনে পৌঁছেছে। ২০২৫ সালের শুরু থেকে ভারতে স্বর্ণের দাম প্রায় দ্বিগুণ হলেও শেয়ারবাজারের সূচক বেড়েছে মাত্র ২ দশমিক ৪ শতাংশ। এ বিশাল ব্যবধানই মানুষকে গহনার বদলে বিনিয়োগের দিকে ঠেলে দিয়েছে। সব মিলিয়ে ভারতের বাজারে গত প্রান্তিকে মোট স্বর্ণের চাহিদা ১০ শতাংশ বেড়ে ১৫১ টনে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনগুলোয়ও এ ধারা অব্যাহত থাকতে পারে।

আরও