ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ৩৯তম এজিএম

সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ জুন বেলা ৩টায় কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেয়ারহোল্ডারদের সামনে কোম্পানির সার্বিক কার্যক্রম, আর্থিক ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। এছাড়া ২০২৬ সালের জন্য আর্থিক বিবরণীর নিরীক্ষক ও করপোরেট গভর্ন্যান্স কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগের প্রস্তাবও অনুমোদন হয় সভায়।

এ সময় কোম্পানিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে, যার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও প্রতিফলিত হয়েছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ২০২৫ সালে ৯৬৯ মিলিয়ন টাকার বেশি প্রিমিয়াম আয় করেছে। এছাড়া প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২৫ সাল পর্যন্ত কোম্পানিটি মোট ৪ হাজার ৩৬৪ মিলিয়ন টাকার বীমা দাবি পরিশোধ করেছে, যা গ্রাহকসেবায় কোম্পানির অঙ্গীকার ও আর্থিক সক্ষমতার প্রতিফলন।’

এছাড়া ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক ২০২০ ও ২০২৩ সালে বীমা খাতে অনবদ্য কার্যক্রম এবং পরিচ্ছন্ন বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ‘সেরা বার্ষিক প্রতিবেদন ন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করে প্রতিষ্ঠানটি। একই ধারাবাহিকতায় সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) কর্তৃক ২০২০ সালে বীমা খাতে সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের স্বীকৃতিও অর্জন করে।

আরও