ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

ইনস্টাগ্রামের নতুন এআই টুল ‘মিউজ ইমেজ’ চালুর পর তীব্র সমালোচনার মুখে পড়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা।

এ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই পাবলিক প্রোফাইল থেকে ছবি নিয়ে নতুন ছবি তৈরি করা যাচ্ছে। ফলে মানুষের ব্যক্তিগত তথ্য ও নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

গত মঙ্গলবার চালু হওয়া ইমেজ জেনারেটর টুলটিকে মেটা নিজেদের সবচেয়ে উন্নত এআই মডেল হিসেবে দাবি করেছে। তবে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দ্রুত প্রাইভেসি সেটিংস পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন। নতুন এ ফিচারের কারণে যে কেউ পাবলিক প্রোফাইল ট্যাগ করে এআইয়ের মাধ্যমে নতুন ছবি তৈরি করতে পারছেন। এতে মূল ছবিতে থাকা ব্যক্তির মুখের অবয়ব হুবহু ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ব্যবহারকারীর ছবি যখন এআইয়ে ব্যবহার করা হচ্ছে, তখন তাকে কোনো নোটিফিকেশন বা বার্তাও দেয়া হচ্ছে না।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটস জানিয়েছে, এআইয়ের এ আগ্রাসন থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হলো পাবলিক অ্যাকাউন্টটিকে প্রাইভেট বা ব্যক্তিগত অ্যাকাউন্টে রূপান্তর করা। এতে অপরিচিত কেউ প্রোফাইলের ছবি এআইয়ের উৎস হিসেবে ব্যবহার করতে পারবে না।

প্রোফাইল পাবলিক রেখেও এ ফিচার বন্ধ করার সুযোগ রয়েছে। এজন্য ইনস্টাগ্রামের সেটিংসের শেয়ারিং অ্যান্ড রিইউজ অপশনে গিয়ে রিইউজ অপশনটি বন্ধ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অপশনটি সেটিংসের অনেক গভীরে লুকিয়ে রাখা হয়েছে। আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান প্রোটন জানিয়েছে, এ ডেটা শেয়ারিং অপশনটি স্বয়ংক্রিয়ভাবে চালু থাকে, যা ব্যবহারকারীদের প্রতি অন্যায়।

সমালোচনার জবাবে মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রথম দিন থেকেই এ টুলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ১৮ বছরের কম বয়সী এবং প্রাইভেট অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবেই এ টুলের আওতার বাইরে থাকবে। কোনো আপত্তিকর ছবি তৈরি হলে তা রিপোর্ট করার সুযোগও রাখা হয়েছে।

আরও