মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী, কোনো মেয়াদি মিউচুয়াল ফান্ডের বাজারদর যদি ক্রয়মূল্য বা নিট সম্পদমূল্যের তুলনায় ২৫ শতাংশ কমে যায়, সেক্ষেত্রে ইউনিটহোল্ডারদের সিদ্ধান্তে ফান্ডটি রূপান্তর বা অবসায়ন করার আইনি বিধান রয়েছে। সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইসিবি আসেট ম্যানেজমেন্ট পিএলসির অধীন সাতটি মিউচুয়াল ফান্ডের গড় লেনদেন মূল্য-এনএভির পার্থক্য বিএসইসি নির্ধারিত আইনি সীমা অতিক্রম করেছে। ফান্ডগুলোর ২০২৫-২৬ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকের মতামতে এসব তথ্য জানা গেছে।
আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট এমএফ ১: স্কিম ১-এর বাজারদর এনএভির চেয়ে ৩২ দশমিক ৯৪ শতাংশ কম। আইসিবি এমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের বাজারদর গত ছয় মাসে এনএভির চেয়ে গড়ে ৩৫ দশমিক শূন্য ৭ শতাংশ কম। এটিও বিএসইসি নির্ধারিত সর্বনিম্ন সীমার বেশি।
আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের অধীন আরেকটি মিউচুয়াল ফান্ড হলো আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড। ফান্ডটির গত ছয় মাসের গড় বাজারদর এনএভির চেয়ে ২৭ দশমিক ৫ শতাংশ কম। একই অ্যাসেট ম্যানেজমেন্টের অধীনে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের গড় বাজারদর এনএভির চেয়ে ৪৪ দশমিক ৩২ শতাংশ কম।
আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের বাজারদর এনএভির তুলনায় ৪৩ দশমিক ৪১ শতাংশ কম। একই সময়ে আরেক মিউচুয়াল ফান্ড ফিনিক্স ফাইন্যান্সের বাজারদর এনএভির তুলনায় ৫৪ দশমিক ৭৫ শতাংশ কমেছে। সর্বশেষ প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের গত ছয় মাসের গড় বাজারদর এনএভির তুলনায় ৪৫ শতাংশ কম।
২০২৫ সালের নভেম্বরে জারি হওয়া মিউচুয়াল ফান্ড বিধিমালায় বলা হয়েছে, এ বিধিমালা সরকারের গেজেটে প্রকাশের ছয় মাসের মধ্যে যদি কোনো মেয়াদি স্কিমের ইউনিটপ্রতি গড় লেনদেন মূল্য স্কিমটির ক্রয়মূল্য বা বাজারে ঘোষিত নিট সম্পদমূল্যের মধ্যে যেটি বেশি হয়, তার তুলনায় ২৫ শতাংশের বেশি কমে যায়, তাহলে ইউনিটহোল্ডারদের স্বার্থ রক্ষার্থে ফান্ডটির ট্রাস্টি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করতে পারবে। ইজিএমে উপস্থিত ভোটদাতা ইউনিটহোল্ডারদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট এবং বিএসইসির অনুমোদন সাপেক্ষে স্কিমটিকে বেমেয়াদিতে রূপান্তর অথবা অবসায়ন করার সিদ্ধান্ত নেয়া যাবে। এক্ষেত্রে শর্ত হলো ছয় মাস শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে রেকর্ড ডেট ঘোষণা করতে হবে। রেকর্ড ডেটের ২১ দিনের মধ্যে ইজিএম করতে হবে।