পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালকদের বিনিয়োগের তথ্য প্রকাশ বাধ্যতামূলক

বিএসইসির সংশোধিত নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট পরিচালকদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিবরণ ত্রৈমাসিক ভিত্তিতে কমিশনে দাখিল করতে হবে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

পুঁজিবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালকদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের তথ্য প্রকাশ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) প্রত্যেক পরিচালককে প্রতি প্রান্তিক শেষ হওয়ার ১০ দিনের মধ্যে তার বিনিয়োগসংক্রান্ত তথ্য কমিশনে জমা দিতে হবে। গত ১ সেপ্টেম্বর জারি করা আগের নির্দেশনায় সংশোধনী এনে এ বাধ্যবাধকতা যুক্ত করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসির সংশোধিত নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট পরিচালকদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিবরণ ত্রৈমাসিক ভিত্তিতে কমিশনে দাখিল করতে হবে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সিসিবিএল, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীদের বিনিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নির্দেশনা অনুযায়ী, নন-কনভার্টিবল বন্ড, সরকারি সিকিউরিটিজ, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রিট) ফান্ড ছাড়া পুঁজিবাজারের অন্য কোনো সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবেন না সংশ্লিষ্টরা।

১ সেপ্টেম্বর জারি করা নির্দেশনার সংশোধনীতে মূল নির্দেশনার তৃতীয় লাইনে থাকা ‘পরিচালক’ শব্দটি বাদ দেয়া হয়েছে। পাশাপাশি স্টক এক্সচেঞ্জ, ডিপোজিটরি ও কেন্দ্রীয় কাউন্টারপার্টির পরিচালকদের জন্য বিনিয়োগের তথ্য প্রকাশের পৃথক বাধ্যবাধকতা নির্দেশনায় যুক্ত করা হয়েছে।

আরও