ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) অ্যারাবিকা কফির দাম সাপ্তাহিক লেনদেনের শেষদিন শুক্রবার ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। কম মজুদ ও বিকল্প উৎস থেকে আমদানি চাহিদা বৃদ্ধির কারণে দামে এ ঊর্ধ্বগতি দেখা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
আইসিইতে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে অ্যারাবিকা কফির দাম বেড়েছে দশমিক ৭ শতাংশ। এদিন বেচাকেনার এক পর্যায়ে পণ্যটির দাম পাউন্ডপ্রতি ৩ ডলার ২৯ সেন্টে পৌঁছায়, যা ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মজুদ কমে আসায় কফির দাম বাড়ছে। এছাড়া যুক্তরাষ্ট্রে ব্রাজিলীয় কফির আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপের পর বিকল্প উৎস থেকে আমদানির চাহিদা আরো বেড়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কফি আমদানির প্রায় এক-তৃতীয়াংশ আসে ব্রাজিল থেকে।
রাবোব্যাংকের বিশ্লেষক গুইলারমে মোরিয়া এক প্রতিবেদনে জানান, মজুদ হ্রাস, উৎপাদনকারী অঞ্চলগুলো থেকে কম রফতানি এবং সম্প্রতি ব্রাজিলের সেরাদো মাইনেইরো অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার তুষারপাত হওয়ায় নতুন মৌসুমের ফসল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে শুক্রবার রোবাস্তা কফির দাম দশমিক ১ শতাংশ বেড়ে টনপ্রতি ৩ হাজার ৯৫৭ ডলারে দাঁড়িয়েছে। এদিনে বেচাকেনার এক পর্যায়ে তা প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ১১ ডলারে পৌঁছে।