জ্বালানি তেলের দরবৃদ্ধি ও মধ্যপ্রাচ্যে সরবরাহ নিয়ে ফের উদ্বেগ বেড়ে যাওয়ায় রাবারের দাম বেড়েছে। তবে মৌসুমি সরবরাহ বৃদ্ধি ও টায়ারের দুর্বল চাহিদায় এ দরবৃদ্ধি সীমিত রয়েছে। গতকাল সংশ্লিষ্ট বাজার সূত্রে এ তথ্য জানা গেছে। খবর বিজনেস রেকর্ডার।
জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী বছরের জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে রাবারের দাম ৫ দশমিক ১ ইয়েন বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। এতে প্রতি কেজি রাবারের দাম দাঁড়িয়েছে ৪১৯ দশমিক ৩ ইয়েনে। মার্কিন মুদ্রায় এ দাম ২ ডলার ৬৬ সেন্ট।
চীনের বাজারেও রাবারের দাম বেড়েছে। সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে (এসএইচএফই) সেপ্টেম্বরের চুক্তিতে রাবারের দাম ২৬৫ ইউয়ান বা ১ দশমিক ৬১ শতাংশ বেড়ে টনপ্রতি ১৬ হাজার ৬৮৫ ইউয়ানে দাঁড়িয়েছে। একই বাজারে সবচেয়ে সক্রিয় সেপ্টেম্বরের বুটাডিন রাবারের দাম ৭০ ইউয়ান বা দশমিক ৫৫ শতাংশ বেড়ে টনপ্রতি ১২ হাজার ৮৪০ ইউয়ানে উঠেছে।
আগের সেশনে বড় ধরনের দরপতনের পর গত মঙ্গলবার জ্বালানি তেলের দাম কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এদিন তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, বাজারে প্রাকৃতিক রাবারকে কৃত্রিম রাবারের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। কৃত্রিম রাবার তৈরিতে অপরিশোধিত জ্বালানি তেল প্রয়োজন হয়। ফলে তেলের দাম বাড়লে কৃত্রিম রাবার উৎপাদনের খরচও বাড়তে পারে। এতে প্রাকৃতিক রাবারের চাহিদা ও দাম বাড়ার সুযোগ তৈরি হয়।