২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা অর্জন করেছে নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানটি। ফলে বিশ্ববাজারে নকিয়ার শেয়ারদর গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্স।
বছরের প্রথম তিন মাসে ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা ৫৪ শতাংশ বেড়ে ২৮ কোটি ইউরো ছাড়িয়েছে। বাজারের তথ্যানুযায়ী, হেলসিংকি শেয়ারবাজারে গতকাল লেনদেনের শুরুতেই নকিয়ার শেয়ারদর প্রায় ৭ শতাংশ বেড়ে যায়। এটি ২০১০ সালের পর কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর।
বিশ্লেষকরা বলছেন, নকিয়ার বর্তমান সাফল্যের নেপথ্যে রয়েছে বড় বড় ক্লাউড সার্ভিস প্রদানকারী বা ‘হাইপারস্কেলার’ কোম্পানিগুলোর চাহিদা। এআই ডেটা সেন্টার তৈরির জন্য এখন প্রচুর পরিমাণে অপটিক্যাল ফাইবার তারের প্রয়োজন হচ্ছে, যা নকিয়ার বিক্রি বাড়াতে সহায়তা করেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে নকিয়ার মোট বিক্রির পরিমাণ ছিল ৪৫০ কোটি বিলিয়ন ইউরো। এর মধ্যে এআই ও ক্লাউড গ্রাহকদের কাছ থেকে নিট বিক্রি বেড়েছে ৪৯ শতাংশ।
নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জাস্টিন হোটর্ড এক বিবৃতিতে জানান, কোম্পানিটি বর্তমানে পূর্ণ বছরের আর্থিক লক্ষ্যমাত্রার (২০০-২৫০ কোটি ইউরো মুনাফা) চেয়েও ভালো অবস্থানে রয়েছে। অপটিক্যাল ও আইপি নেটওয়ার্ক ব্যবসার সাফল্যই মূলত কোম্পানিটির ভাগ্য বদলে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, চড়াই-উতরাই পেরিয়ে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি আবারো বিশ্ব অর্থনীতিতে তাদের শক্তিশালী অবস্থানের জানান দিচ্ছে।