গত বছর প্রায় ৩০ কোটি পর্যটক পেয়েছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াং, যা ২০১৮ সালের তুলনায় দ্বিগুণ। অঞ্চলটির বাসিন্দা উইঘুর মুসলমানদের ওপর দমননীতি চালাচ্ছে দেশটির সরকার, দীর্ঘদিন ধরে এমন অভিযোগ শোনা যাচ্ছে আন্তর্জাতিক ফোরামে। তবে সাম্প্রতিক বছরগুলোয় এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলায় মনোযোগ দিয়েছে বেইজিং। অবকাঠামো উন্নয়ন, নাটক ও টিভি সিরিজ নির্মাণ এবং বিলাসবহুল হোটেল নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ হচ্ছে। হিলটন ও ম্যারিয়টসহ প্রায় ২০০ আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ড জিনজিয়াংয়ে ব্যবসা সম্প্রসারণ করছে। ২০২৪ সালে জিনজিয়াংয়ে পর্যটন আয় দাঁড়িয়েছে প্রায় ৩৬ হাজার কোটি ইউয়ান বা ৫ হাজার ১০০ কোটি ডলারের সমতুল্য, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। শুধু ২০২৪ সালের প্রথমার্ধেই (জানুয়ারি-জুন) অঞ্চলটি পেয়েছে ১৩ কোটি পর্যটক, আয় করেছিল ১৪ হাজার ৩০০ কোটি ইউয়ান। এখনকার পর্যটন খাত নিয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে চীনের। ২০৩০ সালের মধ্যে বছরে জিনজিয়াংয়ে ৪০ কোটি পর্যটক আকর্ষণ এবং এ বাবদ ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ইউয়ান আয় হলো নতুন লক্ষ্য। গত বছর মে মাসে জিনজিয়াং ভ্রমণ করেন সিঙ্গাপুরের সান শেংইয়াও। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড ও মঙ্গোলিয়া তিন জায়গা যেন এখানে একসঙ্গে মিলে গেছে।’ তবে স্থানীয় উইঘুরদের সঙ্গে সান শেংইয়াওয়ের যোগাযোগ খুবই সীমিত ছিল। অঞ্চলটি কঠোরভাবে নজরদারির আওতায় রয়েছে বলে জানান তিনি। সব জায়গায় পুলিশ চেকপয়েন্ট ও ক্যামেরা রয়েছে এবং বিদেশীদের নির্দিষ্ট হোটেলেই থাকতে হয়। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, গত এক দশকে জিনজিয়াংয়ের শত শত গ্রাম থেকে ইসলাম ও উইঘুর ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত শব্দ পরিবর্তন করা হয়েছে। প্রবাসী উইঘুর কর্মী ইরাদে কাশগারি বলেন, ‘উইঘুর সংস্কৃতিকে বিকৃত করে পর্যটন পণ্য বানিয়েছে চীন। পর্যটকদের সামনে আমাদের রঙচঙা নৃত্যশিল্পী হিসেবে উপস্থাপন করছে। অথচ আমরা যারা স্বাধীনভাবে কথা বলি, তারা নিজেদের জন্মভূমিতেই ফিরতে পারি না।’ তবে চীনা রাষ্ট্রীয় প্রচারে জিনজিয়াং এখন এক ‘অজানা ও রহস্যময় স্বর্গভূমি’। বিশেষ করে সরকারি অর্থায়নে নির্মিত ‘টু দ্য ওয়ান্ডার’-এর মতো টিভি সিরিজ অঞ্চলটিকে জনপ্রিয় করে তুলেছে। চীনা পর্যটন সংস্থাগুলোর ভাষায়, জিনজিয়াং হলো প্রকৃতি ও সংস্কৃতির জাদুকরী সংমিশ্রণ। উড়োজাহাজ ভাড়া বাদ দিয়ে এখানে ১০ দিনের ভ্রমণে গড়ে খরচ হয় দেড় থেকে আড়াই হাজার ডলার। খবর বিবিসি