সেমিনারে বেপজার নির্বাহী চেয়ারম্যান

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান।

চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। চীনের নিংবো শহরে গতকাল বেপজা ও নিংবো ডেক্সি চেম্বার অব কমার্সের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বেপজাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

চীনা বিনিয়োগকারীদের উদ্দেশে বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘আসুন, বাংলাদেশে বিনিয়োগের সুবর্ণ সুযোগ অন্বেষণ করুন, যেখানে সম্ভাবনা মিলিত হয় কর্মক্ষমতায় এবং অংশীদারত্ব ধাবিত করে সমৃদ্ধির দিকে।’

বাংলাদেশের কৌশলগত অবস্থান ও গতিশীল অর্থনীতির গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে অবস্থিত, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে সহজ প্রবেশাধিকারের নিশ্চয়তা প্রদান করে। আমাদের ১৮ কোটির বেশি জনসংখ্যা, যারা প্রধানত তরুণ, শিক্ষিত ও দক্ষ। এমন একটি শক্তিশালী শ্রমশক্তি ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।’

তিনি জানান, বাংলাদেশে বিনিয়োগের মূল আকর্ষণ সস্তা ও সহজে প্রশিক্ষণযোগ্য শ্রমশক্তি। এছাড়া শ্রমিকদের ন্যূনতম মজুরি, যা এশিয়ার মধ্যে সবচেয়ে কম।

সেমিনারে বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বিদেশী বিনিয়োগকারীদের জন্য একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের বিনিয়োগ নীতিগুলো ক্রমাগত উদারীকরণ করা হয়েছে। তাছাড়া বেপজা প্রদত্ত ওয়ান স্টপ সার্ভিস ইপিজেডগুলোয় বিনিয়োগকারীদের জন্য শিল্প স্থাপন ও পরিচালনা সহজ করেছে।’

নিংবো ডেক্সি চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক চাও চুইং দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, ‘চীন বাংলাদেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যেখানে প্রথাগত শিল্প পাট, চামড়া থেকে শুরু করে নতুন ক্ষেত্র যেমন ডিজিটাল অর্থনীতি ও পরিবেশ রক্ষায় দুই দেশের সহযোগিতা বিস্তৃত হচ্ছে।’ দুই দেশের মধ্যে এ সহযোগিতা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিংবো ডেক্সি চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক চাও মু জি সেমিনারের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এ সেমিনার চীনা বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও সম্ভাবনা নিয়ে আরো জানার সুযোগ সৃষ্টি করেছে।’

সেমিনারে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তারেক হোসেন ও পরিচালক আলী ইসতিয়াক চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও