বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি

সিএমএসএমই খাতে স্বল্প সুদে চলতি মূলধন ঋণ সুবিধা দেবে ট্রাস্ট ব্যাংক

এ অংশীদারত্বের আওতায়, দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে চলতি মূলধন ঋণ সুবিধা দেয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ‘সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড’ শীর্ষক তহবিলে অংশ নিতে নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ অংশীদারত্বের আওতায়, দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে চলতি মূলধন ঋণ সুবিধা দেয়া হবে। ট্রাস্ট ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটির মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম ও ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখলাসুর রহমান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় ‘সিএমএসএমই ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্স ফান্ড’ শীর্ষক তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় কার্যক্রম পরিচালনা করতে না পারা সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও