ব্রাজিলে বাড়তে পারে সয়াবিন উৎপাদন

ব্রাজিলজুড়ে অনুকূল আবহাওয়ার কারণে সয়াবিনের ফলন বেড়েছে। আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধির কারণে ২০২৪-২৫ মৌসুমে পণ্যটির ফলন আরো বাড়তে পারে।

ব্রাজিলজুড়ে অনুকূল আবহাওয়ার কারণে সয়াবিনের ফলন বেড়েছে। আবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধির কারণে ২০২৪-২৫ মৌসুমে পণ্যটির ফলন আরো বাড়তে পারে। সম্প্রতি প্রকাশিত ‘‌গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক (জিএআইএন)’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস (এফএএস)। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

এফএএস ২০২৪-২৫ মৌসুমের জন্য সয়াবিনের আবাদযোগ্য জমির পূর্বাভাসও সংশোধন করেছে। এ সময় মোট ৪ কোটি ৭০ লাখ হেক্টর জমিতে সয়াবিন আবাদ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি, আগের পূর্বাভাসে যা ছিল ৪ কোটি ৬৩ লাখ হেক্টর।

সংস্থাটি আরো জানায়, এবারের মৌসুমে ব্রাজিলে সয়াবিনের আবাদযোগ্য জমি আগের মৌসুমের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বাড়তে পারে।

এফএএসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে ব্রাজিলে মোট ১৬ কোটি ৫০ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে। এ হিসেবে হেক্টরপ্রতি উৎপাদন দাঁড়াতে পারে ৩৫ লাখ ১০ হাজার টন। আগের পূর্বাভাসে এফএএস ব্রাজিলে ১৬ কোটি ১০ লাখ টন সয়াবিন উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল।

এফএএস জানায়, ব্রাজিলের বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী অঞ্চলগুলোর বেশির ভাগ অংশেই নভেম্বরে উপকারী বৃষ্টিপাত হয়েছে। এটি শস্যের বিকাশে সহায়তা করেছে। উৎপাদন বাড়ার আরেকটি প্রধান কারণ হলো কৃষকদের উন্নত প্রযুক্তির প্রতি আগ্রহ। ব্রাজিলে খরাপ্রতিরোধী হিসেবে তৈরি জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারড (জিই) বীজসহ অন্যান্য কৃষি খাতে বিনিয়োগ বাড়ানো হয়েছে।

এছাড়া প্রত্যাশা অনুযায়ী উৎপাদন হলে ২০২৪-২৫ মৌসুমে ব্রাজিল রেকর্ড সয়াবিন রফতানি করতে পারে। এ সময় মোট রফতানির পরিমাণ হতে পারে ১০ কোটি ৫০ লাখ টন। এর আগে ২০২২-২৩ মৌসুমে রেকর্ড ১০ কোটি ১৮ লাখ টন সয়াবিন রফতানি করেছিল ব্রাজিল।

সয়াবিনজাত পণ্যের চাহিদা ও সরবরাহ বৃদ্ধির সম্ভাবনার ভিত্তিতে ব্রাজিলে এটির প্রক্রিয়াকরণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ সময় প্রক্রিয়াকরণের পরিমাণ দাঁড়াতে পারে ৫ কোটি ৬০ লাখ টন, আগের পূর্বাভাসে যা ছিল ৫ কোটি ৫৫ লাখ টন।

২০২৪-২৫ মৌসুমে ব্রাজিলে সয়াবিন তেল উৎপাদন হতে পারে ১ কোটি ২০ লাখ টন। এর মধ্যে অভ্যন্তরীণ ব্যবহার দাঁড়াতে পারে ১ কোটি ২ লাখ টন। এফএএস জানায়, ব্রাজিলে বেশির ভাগ সয়াবিন বায়োডিজেল উৎপাদনে ব্যবহার হয়।

আরও