চীনের রিয়েল এস্টেট খাতের দীর্ঘমেয়াদি সংকটের কারণে আকরিক লোহার চাহিদা দিন দিন কমছে। সরকারি প্রণোদনার সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা পণ্যটির বাজার নিয়ে প্রত্যাশা তৈরি করলেও ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) বুধবার দরপতন হয়েছে আকরিক লোহার। খবর বিজনেস রেকর্ডার।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে বুধবার আকরিক লোহার দাম কমেছে দশমিক ৪৯ শতাংশ। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৮১৩ ইউয়ানে (১১৩ ডলার ৪৯ সেন্ট)। অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগস্টে সরবরাহের চুক্তিতে দাম দশমিক ৬১ শতাংশ কমে পৌঁছে প্রতি টনে ১০৪ ডলার ৭০ সেন্টে।
দেশটিতে জুনে স্থাবর সম্পত্তিনির্ভর ঋণ দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলেও রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ প্রথমার্ধে উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন আবাসনের দামও জুনে আট মাসের মধ্যে সবচেয়ে বেশি হারে কমেছে।
এদিকে তিব্বতে ১৭ হাজার কোটি ডলারের জলবিদ্যুৎ প্রকল্প ইস্পাত ও কংক্রিট খাতকে কিছুটা চাঙ্গা করতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে ডালিয়ানে ইস্পাত তৈরির অন্যান্য উপাদান কোকিং কয়লা ও কোকের দাম যথাক্রমে ৯ দশমিক ২৪ ও ২ দশমিক ২২ শতাংশ বেড়েছে।