চীনা ইস্পাতে ইইউর উচ্চ শুল্কের প্রভাব

আকরিক লোহার বাজারে দরপতন

চীনা ইস্পাত আমদানিতে উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় কমিশন।

চীনা ইস্পাত আমদানিতে উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় কমিশন। এ কারণে শুক্রবার ফিউচার মার্কেটে কমেছে আকরিক লোহার দাম। এছাড়া সপ্তাহ ভিত্তিতেও দরপতন হয়েছে পণ্যটির। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম কমেছে দশমিক ৫৬ শতাংশ। প্রতি টনের মূল্য নেমেছে ৭৯৯ দশমিক ৫ ইউয়ানে (১১২ ডলার ১০ সেন্ট)। সপ্তাহভিত্তিক হিসাবে পণ্যটির দরপতন হয়েছে দশমিক ৭৪ শতাংশ।

সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম দশমিক ৯ শতাংশ কমে প্রতি টনের মূল্য নির্ধারণ হয়েছে ১০৫ ডলার ৫০ সেন্টে। সপ্তাহব্যাপী লেনদেনে মোট মূল্যহ্রাস হয়েছে দশমিক ১৯ শতাংশ।

জার্মানিভিত্তিক দৈনিক হ্যান্ডেলসব্লাটের তথ্য অনুসারে ইউরোপীয় কমিশন আগামী কয়েক সপ্তাহে চীনা ইস্পাত ও সংশ্লিষ্ট পণ্যে ২৫-৫০% শুল্ক আরোপের পরিকল্পনা করেছে। এ পদক্ষেপের লক্ষ্য হলো ইস্পাত আমদানি সীমিত করা এবং আঞ্চলিক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার চাপ থেকে রক্ষা করা।

বিশ্লেষকরা মনে করছেন, চীনের ইস্পাত রফতানি চলতি বছর রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। দেশটির রিয়েল এস্টেট খাতের নিম্নমুখী চাহিদার কারণে রফতানি বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও