রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের পূর্বাভাস

ব্রেন্টের দাম চলতি বছর কমতে পারে ১৭ শতাংশ

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম চলতি বছর ১৭ শতাংশ কমতে পারে।

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম চলতি বছর ১৭ শতাংশ কমতে পারে। সম্প্রতি রাশিয়ার অর্থ মন্ত্রণালয় এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে। ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার অর্থ মন্ত্রণালয় তার ২০২৫ সালের প্রাথমিক পূর্বাভাসে ব্রেন্টের গড় মূল্য নির্ধারণ করেছে ব্যারেলপ্রতি ৬৮ ডলার। এর আগে গত সেপ্টেম্বরে এটি ছিল ব্যারেলে ৮১ ডলার ৭০ সেন্ট।

রাশিয়ার প্রধান অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ‘ইউরালস’। রুশ অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এটির মূল্য ব্যারেলপ্রতি ৫৬ ডলার নির্ধারণ করা হয়েছে। যদিও ২০২৫ সালের বাজেট পরিকল্পনায় ইউরালসের মূল্য ধরা হয়েছে ব্যারেলে ৬৯ ডলার ৭০ সেন্ট।

উল্লেখ্য, রাশিয়ার বাজেটের এক-তৃতীয়াংশই আসে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে। ফলে ইউরালসের মূল্য দেশটির রাজস্ব আয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি এপ্রিলের শুরুতে ইউরালস জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫৩ ডলারে নেমে আসে, যা ২০২৩ সালের পর সর্বনিম্ন। গত সপ্তাহেও এটি ৬০ ডলারের নিচে বেচাকেনা হয়।

এপ্রিলের শুরুতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছিল, বৈশ্বিক চাহিদা কমায় আগামী কয়েক বছর জ্বালানি তেলের দাম পূর্বাভাসের তুলনায় কম থাকতে পারে। অর্থ মন্ত্রণালয় আরো জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির কারণে বিশ্বমন্দার বড় ধরনের ঝুঁকি তারা দেখছে না। বরং চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে ২ শতাংশের কিছুটা ওপরে থাকতে পারে।

রুশ অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিনিধির বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানায়, ‘বিশ্ব বলতে শুধু যুক্তরাষ্ট্র নয়। তাই কিছু বাণিজ্য প্রবাহ অন্যদিকে মোড় নিতে পারে।’

আরও