বিকাশে ক্যাশ আউট খরচ কমে হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা

গ্রাহকদের জন্য ক্যাশ আউট সেবা আরো সাশ্রয়ী করতে চার্জ কমিয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

এখন থেকে গ্রাহকরা দুটি ‘প্রিয় এজেন্ট’ নম্বরে মাসে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩ টাকা ৯৫ পয়সা খরচে ক্যাশ আউট করতে পারবেন। এ চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

বিকাশ জানায়, এ সুবিধার আওতায় দেশের ৮ কোটি ৪০ লাখ গ্রাহক তাদের দৈনন্দিন আর্থিক লেনদেন আরো কম খরচে সম্পন্ন করতে পারবেন। সারা দেশে বিকাশের ৩ লাখ ৫০ হাজারের বেশি এজেন্টের মধ্য থেকে গ্রাহকরা প্রতি ক্যালেন্ডার মাসে নিজেদের পছন্দ অনুযায়ী দুটি এজেন্টকে ‘প্রিয় এজেন্ট’ হিসেবে নির্বাচন করতে পারবেন। মাস শেষে প্রয়োজন অনুযায়ী এ নম্বর পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

তবে মাসে ৫০ হাজার টাকার বেশি ক্যাশ আউট কিংবা ‘প্রিয় এজেন্ট’ ছাড়া অন্য কোনো এজেন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে আগের মতোই প্রতি হাজারে ১৮ দশমিক ৫০ টাকা চার্জ প্রযোজ্য হবে।

‘প্রিয় এজেন্ট’ যুক্ত করতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ক্যাশ আউট অপশনে গিয়ে প্রিয় এজেন্ট মেনুর নির্দেশনা অনুসরণ করতে হবে। এছাড়া *২৪৭# ডায়াল করে মাই বিকাশ মেনুর প্রিয় নম্বর অপশন থেকেও ‘প্রিয় এজেন্ট’ যুক্ত করা যাবে। কম খরচে ক্যাশ আউটের মাসিক সীমা ও ব্যবহারের তথ্য গ্রাহকরা লিমিট অপশন থেকে দেখতে পারবেন।

আরও