এএনজেডের পূর্বাভাস

আগামী ছয় মাসে স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সে ৩২০০ ডলারে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এরই মধ্যে আউন্সপ্রতি ৩ হাজার ডলার অতিক্রম করেছে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এরই মধ্যে আউন্সপ্রতি ৩ হাজার ডলার অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে সৃষ্ট অর্থনৈতিক উদ্বেগ থেকে সুরক্ষা পেতে বিনিয়োগকারীদের কাছে মূল্যবান ধাতুটির চাহিদা আরো বাড়ছে। ফলে আগামী তিন মাসে স্বর্ণের দাম বেড়ে পৌঁছতে পারে আউন্সপ্রতি ৩ হাজার ১০০ ডলারে। পরবর্তী ছয় মাসে তা আরো ঊর্ধ্বমুখী হয়ে ৩ হাজার ২০০ ডলারে পৌঁছার পূর্বাভাস রয়েছে। গতকাল প্রকাশিত একটি রিসার্চ নোটে এ তথ্য জানিয়েছে বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এএনজেড। খবর রয়টার্স।

নোটে প্রতিষ্ঠানটির বিশ্লেষকরা জানান, আমরা স্বর্ণের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী দৃষ্টিভঙ্গি বজায় রাখছি। কারণ ভূরাজনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা বৃদ্ধি, সহজতর মুদ্রানীতি ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর শক্তিশালী ক্রয়ের ফলে বাজারে স্বর্ণের দাম ক্রমে বাড়ছে।

অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে। চলতি বছরের এখন পর্যন্ত মূল্যবান ধাতুটির দাম ১৪ শতাংশের বেশি বেড়েছে। এছাড়া এটি এরই মধ্যে ১৪ বার রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। গতকালও স্পট মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ১৭ ডলার ৮৪ সেন্টে। এদিন যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সে ৩ হাজার ২৭ ডলারে বেচাকেনা হয়েছে।

ব্যাংকটি আরো জানায়, স্বর্ণের বাজারের ক্ষেত্রে আমদানি শুল্ক নিয়ে অনিশ্চয়তায় লন্ডনের স্পট মার্কেটে নগদ প্রবাহ কমেছে। কারণ নিউইয়র্কের কোমেক্স ফিউচার ও লন্ডন স্পটের মধ্যে মূল্য পার্থক্যের কারণে বেশির ভাগ সরবরাহ যুক্তরাষ্ট্রের দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কোমেক্স ফিউচার মার্কেটে স্বর্ণের দাম তুলনামূলক বেশি, যা লন্ডনের স্পট দামের তুলনায় অনেক বেশি পার্থক্য তৈরি করছে।

বিশ্লেষকরা জানান, সরবরাহের এমন অস্থিরতা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। এদিকে এএনজেড রুপার দাম নিয়েও পূর্বাভাস দিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, শিল্প খাতে চাহিদা ও শুল্কসংক্রান্ত প্রতিকূলতার মধ্যেও রুপার দাম স্থিতিশীল থাকতে পারে। তবে বিনিয়োগ চাহিদা এর মূল্যবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এএনজেডের মতে, স্বল্পমেয়াদে ধাতুটির দাম প্রতি আউন্সে ৩৪-৩৬ ডলারের মধ্যে থাকতে পারে। গতকাল রুপার দাম দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩৩ ডলার ৯০ সেন্টে পৌঁছেছে। এ সময় প্লাটিনামের দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ, প্রতি আউন্সের মূল্য নির্ধারণ হয়েছে ১ হাজার ৪ ডলার ১৬ সেন্ট। প্যালাডিয়ামের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে আউন্সে ৯৭১ ডলার ৭৫ সেন্টে স্থির হয়েছে।

আরও