ব্র্যাক ব্যাংকের রজতজয়ন্তী

জুলাইজুড়ে এসএমই ঋণের প্রসেসিং ফিতে ২৫% ছাড়

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য একাধিক বিশেষ অফার ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে জুলাইজুড়ে এসএমই ঋণের প্রসেসিং ফির ওপর ২৫ শতাংশ ছাড় দেবে ব্যাংকটি। পাশাপাশি নির্বাচিত ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য থাকছে প্রিমিয়াম ডাইনিং অফার।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, চলতি জুলাইয়ে আবেদন করা সব এসএমই ঋণের প্রসেসিং ফির ওপর ২৫ শতাংশ ছাড় পাবেন গ্রাহকরা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অর্থায়ন আরো সহজ ও সাশ্রয়ী করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া নির্ধারিত ডেবিট ও ক্রেডিট কার্ডধারীদের জন্য বিশেষ প্রিমিয়াম ডাইনিং ক্যাম্পেইনের আয়োজন করেছে ব্যাংকটি। এর আওতায় ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের পাঁচটি পাঁচতারকা হোটেলে বুফে ডিনারে ‘বাই ওয়ান, গেট থ্রি ফ্রি’ অফার উপভোগ করা যাবে। এটি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ, শেরাটন ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকায় প্রযোজ্য হবে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘রজতজয়ন্তী উদযাপন মূলত গত ২৫ বছর গ্রাহকদের অবিচল আস্থারই প্রতিফলন। উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবার এ পথচলায় আমাদের সঙ্গে থাকার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এ বিশেষ অফারগুলো দেয়া হয়েছে।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ব্র্যাক ব্যাংক তার ২৫ বছরের গৌরবময় পথচলার ধারাবাহিকতায় ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরো অর্থবহ ও আকর্ষণীয় ব্যাংকিং সেবা চালু করবে।

আরও