বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারি

বকেয়া পরিশোধ না করলেও ঈদের আগে ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

পুনঃতফসিল করা ঋণের বকেয়া পরিশোধ না করলেও ঈদুল আজহার আগে নতুন করে ঋণ নিতে পারবেন চামড়া খাতের ব্যবসায়ীরা।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঈদকে সামনে রেখে কাঁচা চামড়া ব্যবসায়ীদের কাছে পর্যাপ্ত অর্থের সরবরাহ নিশ্চিত করতেই ঋণের শর্ত শিথিল করা হয়েছে, যা ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক গতকাল জারি করা এক সার্কুলারে বলা হয়, জাতীয় প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা আয় ও সাশ্রয় এবং মূল্য সংযোজনের নিরিখে চামড়া শিল্প একটি সম্ভাবনাময় খাত। এ শিল্পে সারা বছর ধরে ব্যবহৃত কাঁচামালের প্রায় অর্ধেক জোগান আসে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া থেকে। এ সময় কাঁচা চামড়া ব্যবসায়ীদের কাছে প্রয়োজনীয় অর্থের সরবরাহ থাকলে তা জাতীয় সম্পদ চামড়া ক্রয়, সংরক্ষণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সার্কুলারে আরো বলা হয়েছে, চামড়া খাতে যেসব ব্যবসায়ীর আগের ঋণ পুনঃতফসিল করা রয়েছে, তারা ঈদুল আজহার আগে নতুন করে ঋণ নিতে গেলে আগের বকেয়ার একটি নির্দিষ্ট অংশ পরিশোধের যে বাধ্যবাধকতা ছিল, তা আগামী ৩০ জুন পর্যন্ত শিথিল থাকবে। ফলে আগের ঋণের কিস্তি পরিশোধ না করেও নতুন করে ঋণ নিতে পারবেন এ খাতের ব্যবসায়ীরা।

চলতি বছর কোরবানির পশুর চামড়া ক্রয়ের জন্য ঋণ বিতরণে প্রতিটি ব্যাংককে লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত লক্ষ্যমাত্রা ও বাস্তবায়িত ঋণ বিতরণের তথ্য ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেয়ার কথাও বলা হয়েছে সার্কুলারে।

আরও