ছয়টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে গতকাল ৮৫ মিলিয়ন বা সাড়ে ৮ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের কাট-অফ রেট নির্ধারণ করা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। এর আগে সোমবার ছয়টি ব্যাংক থেকে ১০ কোটি ডলার কেনা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসে এখন পর্যন্ত মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ কোটি ৫০ লাখ। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত মোট ডলার কেনা হয়েছে ৬০৬ কোটি ৮৫ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩২৪ দশমিক ১২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৬৫ দশমিক ৪৬ মিলিয়ন ডলারে।