বিশ্বের তৃতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরু। দেশটিতে গত ফেব্রুয়ারিতে স্থিতিশীলতায় ছিল ধাতবপণ্যটির উৎপাদন। বুধবার পেরুর জ্বালানি ও খনি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর হেলেনিক শিপিং নিউজ।
মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, এ সময় দেশটি মোট ২ লাখ ১৬ হাজার ৯৫৫ টন তামা উৎপাদন করে, যা গত বছরের একই সময়ের তুলনায় মাত্র দশমিক ১ শতাংশ বেশি। এ সময় সবচেয়ে বেশি তামা উৎপাদন করেছে এমএমজি লিমিটেড মালিকানাধীন লাস বামবাস খনি কোম্পানি। এ কোম্পানিটির উৎপাদন গত ফেব্রুয়ারিতে ৫৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, ২০২৪ সালে পেরুতে গত চার বছরের ধারাবাহিক উৎপাদন বৃদ্ধির পর প্রথমবারের মতো কিছুটা কমে যায়। এ সময় মোট উৎপাদনের পরিমাণ ছিল ২৭ লাখ ৪০ হাজার টন।
তবে চলতি বছর পেরুর মোট তামা উৎপাদন ২-৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশা প্রকাশ করেছেন দেশটির জাতীয় খনি, তেল ও জ্বালানি সমাজের প্রধান জুলিয়া তোরে-ব্লাঙ্কা। গত সপ্তাহে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
২০২৩ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কাছে পিছিয়ে পেরু তামা উৎপাদনে বিশ্বে তৃতীয় স্থানে নেমে আসে।