গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) আন্তর্জাতিক নিলামে টানা চতুর্থবারের মতো কমেছে দুগ্ধজাত পণ্যের দাম। সর্বশেষ এ নিলামে সামগ্রিকভাবে পণ্যের গড় মূল্যসূচক ১ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে। খবর এনজেড হেরাল্ড ও ফারমারস উইকলি।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, জিডিটির সর্বশেষ নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমার পেছনে ভূমিকা রেখেছে সরবরাহের তুলনায় কম চাহিদা। নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আর্জেন্টিনায় দুধ উৎপাদনে প্রবৃদ্ধি বাজায় থাকায় বাজারে সরবরাহ বেড়েছে। এছাড়া মৌসুমি প্রভাবের পাশাপাশি এর আগে করা চুক্তিভিত্তিক বিক্রির ধীরগতিও দাম কমার পেছনে ভূমিকা রেখেছে।
ফন্টেরার (নিউজিল্যান্ডের খামারিদের মালিকানাধীন একটি বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান) ফার্মগেট (কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ মূল্য) দুধের মূল্যে সবচেয়ে বড় প্রভাব ফেলে ননিযুক্ত গুঁড়া দুধ। জিডিটির সর্বশেষ নিলামে পণ্যটির দাম ২ দশমিক ৩ শতাংশ কমে গড়মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৩ হাজার ৬৯৬ ডলারে।
ফন্টেরার দ্বিতীয় বৃহত্তম রেফারেন্স পণ্য ননিছাড়া গুঁড়া দুধ। জিডিটির সর্বশেষ নিলামে পণ্যটির গড় মূল্য নেমেছে টনপ্রতি ২ হাজার ৫৯৯ ডলারে, যা এর আগের নিলামের তুলনায় দশমিক ৫ শতাংশ কম। এ সময় বাটার মিল্ক পাউডার ও মাখনের দাম যথাক্রমে ২ দশমিক ৩ ও ৩ শতাংশ কমেছে। পণ্য দুটির টনপ্রতি মূল্য স্থির হয়েছে যথাক্রমে ২ হাজার ৭৬৮ ও ৬ হাজার ৭১২ ডলার।
জিডিটির সর্বশেষ নিলামে সবচেয়ে বেশি দাম কমেছে মোজারেলা পনিরের। পণ্যটির গড় মূল্য নেমেছে টনপ্রতি ৩ হাজার ৩৯৩ ডলারে, যা আগের নিলামের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ কম।
এ বিষয়ে এনজেডএক্সের ডেইরি অ্যানালিস্ট রোজালিন্ড ক্রিকেট বলেন, ‘এবারের জিডিটি ফলাফল দুগ্ধজাত পণ্যের বাজারে আগে দেয়া পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। বাজারে সরবরাহ বেশি থাকলেও চাহিদা তুলনামূলক কম। কারণ সম্প্রতি বিশ্বব্যাপী দুধ উৎপাদন প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে।’
তবে এ সময় কিছু পণ্যের দাম বেড়েছে। জিডিটির সর্বশেষ নিলামে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে টনপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৯১৬ ডলারে। এ সময় চেডার পনিরের দাম দশমিক ৮ শতাংশ বেড়ে গড় মূল্য পৌঁছেছে ৪ হাজার ৮৫৮ ডলারে।
তবে এবারের জিডিটি নিলামে দুগ্ধজাত পণ্যের দাম কমলেও বেচাকেনার পরিমাণ বেড়েছে। এ নিলামে প্রায় ৪২ হাজার ১৩ টন পণ্য বেচাকেনা হয়েছে। এর আগের নিলামে যা ছিল ৩৯ হাজার ৯৩ টন।
উল্লেখ্য, ফন্টেরা গত ২১ আগস্ট ২০২৪-২৫ মৌসুমের জন্য দুধের ফার্মগেট মূল্য পূর্বাভাস প্রতি কেজিএমএসে (কিলোগ্রাম অব মিল্ক সলিডস) ১০ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার ১৫ সেন্ট নির্ধারণ করেছে । এ সময় ২০২৫-২৬ মৌসুমে পণ্যটির পূর্বাভাস মূল্য প্রতি কেজিএমএসে ১০ ডলারে অপরিবর্তিত রেখেছে।
বিশ্লেষকদের মতে, নিউজিল্যান্ডের মৌসুমি সরবরাহ বৃদ্ধি এরই মধ্যে বাজারে প্রতিফলিত হলেও চুক্তিভিত্তিক বিক্রি কিছুটা ধীর হয়ে এসেছে। তবে তারা মনে করছেন, দাম কিছুটা কমে আসার পাশাপাশি বছরের শেষ ও নববর্ষের উৎসব মৌসুমে অন্যান্য অঞ্চলের ক্রেতারা আবার বেচাকেনা বাড়াতে পারেন, যা পরবর্তী নিলামগুলোয় বিক্রি বাড়াতে সহায়ক হবে।
রোজালিন্ড ক্রিকেট জানান, জিডিটি সর্বশেষ নিলামে চীনের দুগ্ধজাত পণ্য ক্রয়ের পরিমাণ ছিল জিডিটির মোট লেনদেনের ৫২ শতাংশ, যা এর আগের নিলামের তুলনায় ৩০ শতাংশ বেশি।