নয়টি শহরে পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে চীন। এ প্রকল্পের আওতায় বিদ্যুচ্চালিত যানবাহনকে ব্যাটারি হিসেবে ব্যবহার করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো হবে। বিশেষত যখন বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে তখন। গতকাল সরকারের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
গত বছর দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কৃতি কমিশনের (এনডিআরসি) জারি করা নিয়মাবলির অধীনে এ প্রকল্প হাতে নেয়া হয়। এর লক্ষ্য হলো বিদ্যুচ্চালিত যানবাহন ও বিদ্যুৎ গ্রিডের মধ্যে সমন্বয় বাড়ানো। কারণ চীনে ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়ার ফলে বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন ব্যবস্থা চাপের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, বেইজিং, সাংহাই, শেনঝেন, গুয়াংজুসহ ৩০টি শহরের প্রকল্পগুলোর মধ্যে বেশির ভাগই ভেহিকল টু গ্রিড (ভিটুজি) প্রযুক্তি ব্যবহার করবে। অর্থাৎ গাড়িগুলো ব্যাটারি হিসেবে কাজ করে শক্তি সঞ্চয় করবে এবং প্রয়োজনে তা গ্রিডে সরবরাহ করবে। এ প্রকল্পে গাড়িগুলো গ্রিডে যুক্ত হয়ে চার্জিং সময় নিয়ন্ত্রণ করতে পারবে। আর চাহিদার সময়ে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করতে সাহায্য করবে। এতে বিকল্প আয়ের সুযোগ পাবেন গাড়ি মালিকরা। বিশেষ করে চার্জিং স্টেশন পরিচালনকারীদের জন্য বিকল্প আয়ের উৎস সৃষ্টি হবে।
ঘোষণায় বলা হয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানিগুলো এসব পাইলট প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনা করবে। আর চার্জিং স্টেশন ও সুবিধাগুলোর উন্নয়নে নেতৃত্ব দেবে প্রাদেশিক সরকার। যাতে গ্রিড সংযুক্ত গাড়ির জন্য পর্যাপ্ত চার্জিং সুবিধা নিশ্চিত করা যায়। জ্বালানি শক্তি নিয়ন্ত্রক সংস্থা প্রকল্পটিতে অংশগ্রহণকারী গাড়িগুলোর শক্তি বাণিজ্যে অংশগ্রহণে সহায়তা করবে, যাতে গাড়িগুলোর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের সিস্টেম সঠিকভাবে পরিচালিত হয় এবং এ সিস্টেমের অংশগ্রহণকারীরা এর মাধ্যমে উপকার পেতে পারে।
গত বছর এনডিআরসি জানিয়েছিল, ২০২৫ সালের মধ্যে ৫০টিরও বেশি পাইলট প্রোগ্রাম স্থাপন করা হবে। তবে শিল্প বিশেষজ্ঞরা বলছেন, ভিটুজি প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণের জন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর সফল বাস্তবায়নের জন্য কার্যকর একটি ব্যবসায়িক মডেল তৈরি করা প্রয়োজন, যার মাধ্যমে গাড়ি মালিকরা তাদের গাড়ি ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন ও লাভবান হবেন।
এছাড়া এনডিআরসি ২০২৪ সালের নিয়মাবলিতে উল্লেখ করেছে যে ভিটুজি প্রযুক্তি সফলভাবে কাজ করতে হলে বর্তমানে ব্যবহৃত ব্যাটারির ক্ষমতা ও কার্যকারিতা আরো উন্নত করতে হবে, যাতে গাড়িগুলো আরো বেশি সময় ও দক্ষভাবে বিদ্যুৎ সংরক্ষণ এবং গ্রিডে সরবরাহ করতে পারে।