ভারতে ব্যবসায়িক কার্যক্রমের প্রবৃদ্ধি ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন

ভারতে ব্যবসায়িক কার্যক্রমের গতি এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

ভারতে ব্যবসায়িক কার্যক্রমের গতি এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। চলতি মাসে উৎপাদন খাতে উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ দেখা গেলেও পরিষেবা খাতে চাপ বাড়ছে। সম্প্রতি এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

এইচএসবিসির ফ্ল্যাশ ইন্ডিয়া কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) জানুয়ারিতে ৫৭ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছে, যা গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন। তবে উৎপাদন খাতের পিএমআই সূচক ছয় মাসের মধ্যে সর্বোচ্চ ৫৮ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে পরিষেবা খাতের সূচক ২৬ মাসের মধ্যে সর্বনিম্ন ৫৬ দশমিক ৮ পয়েন্টে নেমেছে।

তবে ২০১৩ সালের পর থেকে সূচক ৫০-এর ওপরে রয়েছে। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধিকে নির্দেশ করে।

এইচএসবিসির প্রধান ভারতীয় অর্থনীতিবিদ প্রাঞ্জুল ভাণ্ডারির মতে, উৎপাদন খাত শক্তিশালী অবস্থায় থাকলেও পরিষেবা খাতে নতুন ব্যবসার প্রবৃদ্ধি কমা অর্থনীতির দুর্বলতা নির্দেশ করে। উৎপাদন খাতে নতুন কার্যাদেশ ও উৎপাদন বেড়েছে। কিন্তু পরিষেবা খাতে নতুন বিক্রয় ১৪ মাসের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় আছে।

একই সময় আন্তর্জাতিক চাহিদা সামগ্রিকভাবে বেড়েছে। মোট রফতানিও ছয় মাসের মধ্যে সবচেয়ে দ্রুত বেড়েছে।

সমন্বিত কর্মসংস্থান সৃষ্টি ২০০৫ সালের ডিসেম্বরে শুরু হওয়া জরিপের ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে বেসরকারি খাতে প্রতি বছর লাখ লাখ মানুষ কর্মক্ষেত্রে যোগ দেয়। মানসম্মত চাকরির সুযোগ নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ফলে এ খবর অনেকটাই আশাব্যঞ্জক।

তবে কর্মসংস্থান বাড়লেও মূল্যস্ফীতির চাপও বেড়েছে। উৎপাদন খাতে ব্যয় কমলেও পরিষেবা খাতে এটি ২০২৩ সালের আগস্টের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পরিষেবা প্রতিষ্ঠানগুলো দ্রুত দাম বাড়িয়ে দিয়েছে, যা ইঙ্গিত দেয় যে তারা বাড়তি খরচের বোঝা গ্রাহকদের ওপর চাপিয়েছে।

এদিকে মূল্যস্ফীতি ও রুপির বিনিময় হার কমার কারণে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে মুদ্রানীতি শৈথিল্যকরণের বিষয়ে সংশয় দেখা দিয়েছে। আগামী ৫-৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আরও