লেনদেনে ঝুঁকি কমাতে ও স্বল্প সময়ে নিরাপদ সেবা নিশ্চিতে পঞ্চগড়ে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু করেছে পূবালী ব্যাংক পিএলসি। কর্মসূচির অংশ হিসেবে ক্যাশলেস বুথ উদ্বোধন এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সিনেমা হল মার্কেট চত্বরে ফিতা কেটে বুথ উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ আলতাব হোসেন, পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি শরিফ হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, পৌর যুবদলের আহ্বায়ক ইরানসহ স্থানীয় ব্যবসায়ী ও সুধীজনরা।
এর আগে শহরের সিনেমা হল সড়ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের প্রধান মোহাম্মদ আলতাব হোসেন বলেন, ‘এ ক্যাম্পেইনের আওতায় আগামী তিনদিন আগ্রহীরা বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ পাবেন। পাশাপাশি গ্রাহকদের দেয়া হবে বিনামূল্যে ডেবিট কার্ড। কিউআর কোডের মাধ্যমে সহজ ও দ্রুত লেনদেনের সুবিধাও থাকবে। এছাড়া মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যাংকে না গিয়েই বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করা যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ‘প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ গ্রাহকদের জন্য সহজ ও নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।’