যুক্তরাষ্ট্রে চলতি বছরেই সুদহার আরো কমতে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এর প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারে। গতকাল বেশির ভাগ শেয়ারসূচকে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে এশিয়ার বেশ কয়েকটি সূচক হ্রাস পেয়েছে গতকাল। এ থেকে ব্যতিক্রমগুলোর অন্যতম ছিল টোকিওর নিক্কেই সূচক। এটি গতকাল একদিনে বেড়েছে ২ শতাংশের বেশি। এছাড়া মুদ্রাবাজারে গতকাল ডলারের বিনিময় হারও ছিল ঊর্ধ্বমুখী। খবর রয়টার্স ও এপি।
বৈশ্বিক শেয়ারবাজার সূচক এমএসসিআই অল–কান্ট্রি গতকাল দিন শেষে দশমিক ১২ শতাংশ বেড়ে দুই সপ্তাহ আগের রেকর্ড উচ্চতার কাছাকাছি অবস্থান করছিল। সপ্তাহজুড়ে সূচকটির উত্থান হয়েছে ২ শতাংশ, যা গত জুনের মাঝামাঝি সময়ের পর সবচেয়ে ভালো সাপ্তাহিক পারফরম্যান্স। ইউরোপের স্টকস ৬০০ সূচক দশমিক ২৫ শতাংশ বেড়েছে, যেখানে ওষুধ ও প্রযুক্তি খাতের শেয়ারের দর বৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি।
বৈশ্বিক শেয়ারবাজারে গতকালের ঊর্ধ্বমুখী প্রবণতার প্রধানতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের সুদহার কমানো নিয়ে বাজারে বিদ্যমান প্রত্যাশার কথা বলছেন বিশ্লেষকরা। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের আভাসও বিনিয়োগকারীদের বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান স্টিফেন মিরানকে ফেডের শূন্য পদে মনোনীত করার ঘোষণা দেন। মিরান এতদিন ট্রাম্পের মতোই সুদহার কমানোর পক্ষে মত দিয়ে এসেছেন। ফলে বছরের শেষ নাগাদ ফেডের আসন্ন বৈঠকগুলোয় সুদহার কমানোর সিদ্ধান্তের সম্ভাবনা বেড়েছে বলে মনে করছেন বাজারবিশ্লেষকরা।
বিশ্লেষকরা বলছেন, ফেডারেল রিজার্ভ সুদহার নীতিতে বড় ধরনের পরিবর্তনের সংকেত দিচ্ছে। এতে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কিছুটা বাড়ায় ফেডের নীতি পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ফিউচার সূচকগুলো গতকাল বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ফিউচার উভয়ই দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এর আগে ওয়াল স্ট্রিটে বৃহস্পতিবার মিশ্র ধারা দেখা গেলেও প্রযুক্তি খাতের শেয়ার সূচক কিছুটা বেড়েছে। এর মধ্যে অ্যাপলের শেয়ারদর ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে।
ওয়াল স্ট্রিটে গতকাল সেমিকন্ডাক্টর খাতে বিনিয়োগ বা উৎপাদন সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে। ট্রাম্প প্রশাসন আমদানি করা সেমিকন্ডাক্টরে ১০০ শতাংশ শুল্ক ঘোষণা করলেও যেসব কোম্পানির যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগ রয়েছে সেগুলোকে ছাড় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর ধারাবাহিকতায় গতকাল এএমডির শেয়ারদর ৫ দশমিক ৭ শতাংশ এবং এনভিডিয়ার দশমিক ৮ শতাংশ বেড়েছে।
বন্ড বাজারে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের ইল্ড দাঁড়িয়েছে ৪ দশমিক ২৪ শতাংশে, যা আগের দিনের সমান। দীর্ঘমেয়াদি বন্ড বিক্রিতে চাহিদা কম থাকায় ইল্ড বাড়ার প্রবণতা সীমিত হয়েছে। বিনিয়োগকারীরা বেশি মুনাফার সুযোগ থাকলেও দীর্ঘমেয়াদি বন্ড কেনায় তেমন আগ্রহ দেখাচ্ছেন না।
এশিয়ার শেয়ারবাজারে গতকাল লেনদেনের এক পর্যায়ে জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ২ শতাংশ বেড়ে ৪১ হাজার ৮২০ দশমিক ৪৮ পয়েন্টে পৌঁছায়, যদিও দিন শেষে সূচকটির সার্বিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১ দশমিক ৯ শতাংশে। এদিন টয়োটা মোটর করপোরেশনের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ এবং হোন্ডা মোটরের বেড়েছে ৪ শতাংশ। শুল্ক–সংক্রান্ত অনিশ্চয়তা কাটার খবরে জাপান থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির সঙ্গে সংশ্লিষ্ট খাতগুলোর শেয়ারদর বেড়েছে।
তবে এশিয়ার অন্য দুই বড় অর্থনীতি চীন ও ভারতে গতকাল পুঁজিবাজার সূচক ছিল নিম্নমুখী। এর মধ্যে চীনের সাংহাই কম্পোজিট সূচক দশমিক ১ শতাংশ ও ভারতের সেনসেক্স সূচক দশমিক ৮ শতাংশ কমেছে।
মার্কিন ডলারের বিনিময় হারও গতকাল কিছুটা বেড়েছে। ডলার সূচক দশমিক ২ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করতে দেখা গেছে। ইয়েনের বিপরীতে ডলার দশমিক ১ শতাংশ বেড়ে ১৪৭ দশমিক ২৪ ইয়েনে পৌঁছায়। ইউরো দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ১ ডলার ১৬ সেন্টে।