টেসলার বিক্রি চীনে ৩ বছরের সর্বনিম্নে

চীনে গত মাসে টেসলার গাড়ি বিক্রি হয়েছে ২৬ হাজার ৬ ইউনিট, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

চীনে গত মাসে টেসলার গাড়ি বিক্রি হয়েছে ২৬ হাজার ৬ ইউনিট, যা তিন বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে চাহিদা কমে যাওয়ায় মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) কোম্পানিটি বিক্রিতে ধাক্কা খেয়েছে। খবর রয়টার্স।

২০২৪ সালের একই সময়ের তুলনায় গত মাসে চীনে টেসলার বিক্রি ৩৫ দশমিক ৮ শতাংশ কমেছে। আগের মাস সেপ্টেম্বরে কোম্পানিটি ৭১ হাজার ৫২৫ ইউনিট গাড়ি বিক্রি করেছিল। ওই সময় চীনের জন্য বিশেষভাবে তৈরি দীর্ঘ হুইলবেজ ও ছয় আসনের সংস্করণ মডেল ওয়াই এল সরবরাহ শুরু করে টেসলা।

তবে চীনে তৈরি টেসলার গাড়ি রফতানি গত মাসে বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৯১ ইউনিটে, যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশনের (সিপিসিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি চীনের ইভি বাজারে টেসলার হিস্যা অক্টোবরে ৩ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। এটি তিন বছরের মধ্যে চীনে টেসলার সর্বনিম্ন বাজার হিস্যা। আগের মাসে চীনের বাজারে কোম্পানিটির হিস্যা ছিল ৮ দশমিক ৭ শতাংশ।

বিশ্বের সবচেয়ে বড় গাড়ির বাজারে দুর্বল পারফরম্যান্সের পাশাপাশি ইউরোপেও গত মাসে বিক্রি কমেছে টেসলার। বিশেষ করে জার্মানি, স্পেন, নেদারল্যান্ডস ও নর্ডিক দেশগুলোয় ক্রেতা আগ্রহ ছিল পড়তির দিকে।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পর টেসলার জন্য সবচেয়ে বড় বাজার ছিল চীন। কিন্তু ওই সময় চীনের বাজারে কোম্পানিটির ওপর ক্রমবর্ধমান চাপ তৈরি হয়। বিক্রি হ্রাস, প্রতিযোগিতা বৃদ্ধি ও চাহিদা কমায় কোম্পানিটি বাধার মুখোমুখি হয়।

এদিকে এসইউ৭ সেডান ও ওয়াইইউ৭ এসইউভি মডেল দিয়ে টেসলার সঙ্গে প্রতিযোগিতা করছে চীনের শাওমি। গত মাসে এসব মডেলের গাড়ি বিক্রি হয়েছে মোট ৪৮ হাজার ৬৫৪ ইউনিট। অক্টোবরে রেকর্ড-সংখ্যক গাড়ি বিক্রি করেছে শাওমি। তবে এসইউ৭ সেডান মডেলে একাধিক দুর্ঘটনা ইভির নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

চীনে গত মাসে সব ধরনের গাড়ির বিক্রি কমেছে। সরকারি ভর্তুকি ও কর সুবিধা কমে যাওয়ায় গাড়ি কেনার আগ্রহ হারাচ্ছে দেশটির বাসিন্দারা।

আরও