ব্র্যাক ব্যাংকের রিটেইল ডিপোজিট ৫০ হাজার কোটি টাকা ছাড়াল

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিকালে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা, যা দেশের ব্যাংক খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায় ব্র্যাক ব্যাংক।

গত চার বছরে ব্যাংকটির রিটেইল ডিপোজিট বেড়েছে প্রায় তিন গুণ। ২০২২ সালের জুনে ব্যাংকটির রিটেইল খাতে আমানত ছিল ১৭ হাজার ৫১৪ কোটি টাকা, যা চার বছরের ব্যবধানে বেড়ে ৫০ হাজার ৩২৪ কোটি টাকায় পৌঁছেছে। গত এক বছরে এটি বেড়েছে ৩৮ শতাংশ।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমাদের এ অর্জন ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং আরো বেশি মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।’

ব্র্যাক ব্যাংক জানায়, দেশব্যাপী বিস্তৃত ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ নেটওয়ার্ক এ সাফল্যে সবচেয়ে বেশি অবদান রেখেছে। এছাড়া ব্যাংকটির রিটেইল সেলস ও এজেন্ট ব্যাংকিং চ্যানেলও আমানত বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা, উদ্ভাবনী পণ্য ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে ব্র্যাক ব্যাংক বর্তমানে দেশের অন্যতম শীর্ষ রিটেইল ব্যাংক হিসেবে অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তিতে ব্যাংকটি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।

আরও