এএনজেডের পূর্বাভাস

বছর শেষে স্বর্ণের দর পৌঁছতে পারে আউন্সপ্রতি ৪,৪০০ ডলারে

বিশ্ববাজারে চলতি বছরের শেষের দিকে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৪০০ ডলারে পৌঁছতে পারে।

বিশ্ববাজারে চলতি বছরের শেষের দিকে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৪০০ ডলারে পৌঁছতে পারে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার নীতি মূল্যবান ধাতুটির দাম বাড়ার পেছনে ভূমিকা রাখবে। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দিয়েছে ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এএনজেড। খবর রয়টার্স।

ব্যাংকটি আরো জানায়, ২০২৬ সালের জুনের দিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলারে। এরপর ফেডের নীতি তুলনামূলক স্থিতিশীল হলে এবং মার্কিন অর্থনীতি ও শুল্কনীতি সম্পর্কে স্পষ্টতা এলে দাম ধীরে ধীরে কমতে শুরু করবে।

এএনজেড জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ। গত বুধবার মূল্যবান ধাতুটির দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে। তবে সামনের দিনগুলোয় কিছুটা ওঠানামা থাকতে পারে।

এদিকে ইউবিএস জানিয়েছে, সুদের হার প্রকৃতপক্ষে কমে গেলে স্বর্ণের বিনিয়োগ চাহিদা আরো বাড়বে। ব্যাংকটি স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৭০০ ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে।

এর আগে এক প্রতিবেদনে ব্যাংক অব আমেরিকা (বিওএ) জানায়, বিশ্ববাজারে স্বর্ণের দাম আগামী বছর আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছতে পারে। সংস্থাটির গ্লোবাল রিসার্চ বিভাগ জানায়, চলতি বছর মূল্যবান ধাতুটির গড় মূল্য হতে পারে আউন্সপ্রতি প্রায় ৪ হাজার ৪০০ ডলারে।

বিওএর প্রতিবেদন অনুয়ায়ী, স্বল্পমেয়াদে স্বর্ণের কিছুটা দরপতন অথবা ওঠানামা থাকতে পারে। তবে ২০২৬ সালে আরো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেবে। এছাড়া ২০২৬ সালে এ খাতে বিনিয়োগ চাহিদা যদি ১৪ শতাংশ বাড়ে, তাহলে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছতে পারে।

আরও