সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এর পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে ১০ আগস্ট মেঘনা পেটের শেয়ারদর ছিল ২৪ টাকা ৭০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩০ টাকা ৫০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৩ টাকা ৪৮ শতাংশ।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মেঘনা পেটের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৬ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৬৫ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মেঘনা পেটের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭৩ টাকা ১৮ পয়সায়।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৩০ কোটি ও পরিশোধিত মূলধন ১২ কোটি টাকা।
রিজার্ভে রয়েছে ৭৫ কোটি ৮২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ২০ লাখ। এর ৪৩ দশমিক ৫৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৩৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫০ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে।