বাগেরহাটে ৪৮ মৎস্যজীবীকে ২ কোটি টাকার ঋণ দিল এনআরবিসি

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাগেরহাটের প্রান্তিক মৎস্যজীবীদের মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

গতকাল বাগেরহাটে এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে এক ‘ঋণ বিতরণ ও মতবিনিময়’ অনুষ্ঠানে স্থানীয় ১৯টি ব্যাংকের শাখার মাধ্যমে ৪৮ মৎস্যজীবীকে মোট ২ কোটি টাকার ঋণ দেয়া হয়।

এনআরবিসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিম। এতে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের খুলনা অঞ্চলের মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম মোল্লা, এনআরবিসি ব্যাংকের এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রো বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক শেখ আলাউদ্দিন হোসেন এবং জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক অভিমন্যু কুমার মণ্ডলসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

অনুষ্ঠানে মো. রমজান আলী ভূঁইয়া বলেন, ‘সমাজের পিছিয়ে থাকা প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে মাত্র ৭ শতাংশ সুদে ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়া হচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং ক্ষুদ্র অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করা।’

অনুষ্ঠানে বক্তারা জানান, প্রান্তিক মৎস্যজীবী, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি আয় ও কর্মসংস্থানের সুযোগও বাড়বে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও