রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিকপ্রতিষ্ঠান বিভাগ থেকে গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রূপালী ব্যাংকের মোহাম্মদ শাহেদুর রহমান, অগ্রণী ব্যাংকের মোহাম্মদ ফজলুল করিম, কৃষি ব্যাংকের আবু সাঈদ মো. রওশানুল হক, জনতা ব্যাংকের মো. আব্দুল মতিন, রূপালী ব্যাংকের শিকদার ফারুক এ আজম এবং সোনালী ব্যাংকের মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে।
অন্যদিকে আশরাফুজ্জামান খানকে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে, মো. ইকবাল হোসেন খাঁকে রূপালী ব্যাংক থেকে জনতা ব্যাংকে, শাহীনূর সুলতানাকে অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ও মো. হাসান ইমামকে বেসিক ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ডিএমডি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরি ‘রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ অনুযায়ী পরিচালিত হবে। এছাড়া সরকার সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপনও তাদের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।