যুক্তরাষ্ট্রে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ হুসেইন সাজওয়ানির

যুক্তরাষ্ট্রে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ধনকুবের হুসেইন সাজওয়ানি।

যুক্তরাষ্ট্রে ২ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ধনকুবের হুসেইন সাজওয়ানি। সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এ ঘোষণা দেন তিনি। সেখান থেকে জানা যাচ্ছে, বড় অংকের এ অর্থ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যজুড়ে ডাটা সেন্টারে বিনিয়োগ হবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

দুবাইয়ের রিয়েল এস্টেট ডেভেলপার দামাক প্রপার্টিজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসেইন সাজওয়ানি।

গত মঙ্গলবার ফ্লোরিডার পাম বিচের মার-আ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখান থেকে এ বিনিয়োগের ঘোষণা আসে। ওই সময় ডোনাল্ড ট্রাম্প ও হুসেইন সাজওয়ানি দুজনই ইঙ্গিত দেন রিপাবলিকান প্রার্থীর নির্বাচনী সাফল্য দামাকের বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

পরে হুসেইন সাজওয়ানি মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে লেখেন, ‘আজকের দিনটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এদিন আমরা যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছি, যা আমাদের বৈশ্বিক সম্প্রাসরণ ও আন্তর্জাতিক অংশীদারত্ব শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।’

তিনি বলেন, ‘সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এ ঘোষণা দেয়া এবং সহযোগিতা করতে পারা একটি সম্মানের বিষয়, যা আমাদের যৌথ উদ্ভাবন, সমৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্যের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরে। এ বিনিয়োগ মার্কিন বাজারের প্রতি আমাদের বিশ্বাস ও স্থায়ী মূল্য সৃষ্টির উদ্দেশ্য প্রতিফলিত করে।’

প্রথম পর্যায়ে টেক্সাস, অ্যারিজোনা, ওকলাহোমা, লুইজিয়ানা, ওহাইও, ইলিনয়, মিশিগান ও ইন্ডিয়ানায় বিনিয়োগ বিস্তৃত করবে দামাক প্রপার্টিজ।

অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘এ বিনিয়োগ দেশে নতুন ডাটা সেন্টার গড়ে তুলবে সাহায্য করবে, যা বিশেষ করে মিডওয়েস্ট, সান বেল্ট এলাকা এবং যুক্তরাষ্ট্রকে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সর্বশেষ বিকাশের সঙ্গে এগিয়ে থাকতে সহায়তা করবে।’

সম্প্রতি থাইল্যান্ড ও সৌদি আরবে বিনিয়োগের ঘোষণা দিয়েছে দামাক। এরপর এল যুক্তরাষ্ট্রের কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা।

এর আগে গত মাসে ট্রাম্পের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রে হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় জাপানি বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান সফটব্যাংকের সিইও মাসায়োশি সন। ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে আয়োজিত ওই অনুষ্ঠানে বলা হয়, আগামী চার বছরে সফটব্যাংক যুক্তরাষ্ট্রের প্রকল্পগুলোয় বিনিয়োগ করবে। এতে এক লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।

আরও