মালয়েশিয়ায় ফেব্রুয়ারিতে পাম অয়েলের মজুদ টানা পাঁচ মাসের মতো কমেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড (এমপিওবি)। খবর হেলেনিক শিপিং নিউজ।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, গত মাসে উৎপাদন হ্রাস পাম অয়েলের মজুদ কমার পেছনে ভূমিকা রেখেছে। এমপিওবির দেয়া তথ্যানুযায়ী, মালয়েশিয়ায় ফেব্রুয়ারির শেষে পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৪ দশমিক ৩১ শতাংশ কমে ১৫ লাখ ১০ হাজার টনে নেমে এসেছে, যা ২০২৩ সালের এপ্রিলের পর থেকে সর্বনিম্ন।
ইন্দোনেশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ মালয়েশিয়া। দেশটিতে মজুদ কমে যাওয়ায় পণ্যটির ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে সয়াবিন তেলের তুলনায় পাম অয়েলের উচ্চ মূল্যের কারণে আমদানিকারক দেশগুলোয় চাহিদা কমতে পারে।
এদিকে গত মাসে মালয়েশিয়ায় অপরিশোধিত পাম অয়েল উৎপাদন ৪ দশমিক ১৬ শতাংশ কমে ১১ লাখ ৯০ হাজার টনে নেমে এসেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। দেশটিতে এ সময় বন্যার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে। একই সঙ্গে পাম অয়েল রফতানি ১৬ দশমিক ২৭ শতাংশ কমে ১০ লাখ টনে নেমে আসতে পারে, যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
এর আগে এক জরিপে ফেব্রুয়ারিতে পাম অয়েলের মজুদ ১৪ লাখ ৮০ হাজার টন হবে বলে রয়টার্স পূর্বাভাস দিয়েছিল।