বিডি অটোকারসের দর বেড়েছে ২২ শতাংশের বেশি

তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ (বিডি) অটোকারস লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২২ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে শেয়ারটির দর ২২২ টাকায় দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১৮১ টাকা ১০ পয়সা। এতে কোম্পানিটির শেয়ার আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১২৬ টাকা ১০ পয়সা। এরপর থেকে এর দর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গতকাল কোম্পানিটির দর দাঁড়িয়েছে ২২২ টাকায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭৬ শতাংশ।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিডি অটোকারসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা ৩৫ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বিডি অটোকারসের ইপিএস হয়েছে ১৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৫ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭ টাকা ৪৫ পয়সায়।

আরও