বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং মিলস পিএলসির চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের হিসাব বছরে যেখানে লোকসান ছিল ২০ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসান বেড়েছে ৫ দশমিক ৭৫ গুণ। কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে জাহিন স্পিনিংয়ের লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরে লোকসান ছিল ১১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৭৮ পয়সায়।
কোম্পানিটির কর্মকর্তারা জানিয়েছে, কারখানায় অগ্নিকাণ্ডের পর উৎপাদন বন্ধ থাকা, বিক্রির পরিমাণ কমে যাওয়া ও বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাওয়ায় লোকসান বেড়েছে। উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত কোম্পানিটির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি জাহিন স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরে যেখানে আয় হয়েছিল ১৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল জাহিন স্পিনিংয়ের পর্ষদ। লোকসানের কারণে ২০২১-২২ হিসাব বছরে কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। এর আগে ২০২০-২০২১ ও ২০১৯-২০ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি জাহিন স্পিনিং। ২০১৮-১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
জাহিন স্পিনিংয়ের সর্বশেষ সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল বি প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ফোর’। ৩০ জুন ২০২৪ পর্যন্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ৪০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১৩ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসান রয়েছে ৬৮ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৩৬৮। এর মধ্যে ৩১ দশমিক ১০ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ১৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৪৩ দশমিক ৭৩ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল জাহিন স্পিনিংয়ের শেয়ার সমাপনী দর ছিল ৮ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৫ টাকা ২০ পয়সা ও ৯ টাকা ৮০ পয়সা।