টানা তিন কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল ফিউচার মার্কেটে মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দরপতন ও বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতা বৃদ্ধি ভোজ্যতেলটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের জন্য গতকাল পাম অয়েলের দাম কমেছে টনে ১৯ রিংগিত বা দশমিক ৪৬ শতাংশ। টনপ্রতি মূল্য নেমেছে ৪ হাজার ৭৫ রিংগিতে (প্রায় ৯৬১ ডলার ৫৪ সেন্ট)।
কুয়ালালামপুরভিত্তিক এক ট্রেডার বলেন, ‘সাম্প্রতিক মূল্যবৃদ্ধির পর আজকের দরপতন মূলত মুনাফা তুলে নেয়ার প্রবণতা এবং ডালিয়ান ও সিবিওটিতে সয়াবিন তেলের দাম কমার কারণে হয়েছে।’
উল্লেখ্য, সিবিওটিতে গতকাল সয়াবিনের দাম দশমিক ৮৩ শতাংশ কমেছে। তবে চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) এ সময় ভোজ্যতেলটির দাম দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। এ সময় চীনের বাজারে পাম অয়েলের দাম বেড়েছে ১ দশমিক ২৯ শতাংশ।