বাকৃবির জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন গবেষণায় অর্থায়ন করবে প্রাইম ব্যাংক

জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নভিত্তিক একটি গবেষণা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট সাসটেইনেবল ক্রপ, ফিশারিজ অ্যান্ড লাইভস্টক ডেভেলপমেন্ট ইন হাওর এগ্রো-ইকোসিস্টেম অব বাংলাদেশ (সিআরসিএফএলডিএইচএবি)’ শীর্ষক এ প্রকল্পে অর্থায়ন করা হবে। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এমওইউ স্বাক্ষর উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান এবং বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটির মূল লক্ষ্য দেশের হাওরাঞ্চলে ফসল, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় জলবায়ু সহনশীল প্রযুক্তির উদ্ভাবন, উন্নয়ন ও সম্প্রসারণের মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা। পাশাপাশি কৃষকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই ও জলবায়ু স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণে তাদের সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী ও মো. জিয়াউর রহমান এবং এগ্রো বিজনেস বিভাগের প্রধান শাহানা পারভীন। অন্যদিকে বাকৃবির পক্ষে ছিলেন প্রকল্পের প্রধান গবেষক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের সহযোগী পরিচালক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাইম ব্যাংকের অর্থায়নে এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তর এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সমন্বিত বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করা হবে।

আরও