ডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক

সই হতে পারে চীন-মার্কিন বাণিজ্য চুক্তি

চলমান এশিয়া সফরের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলমান এশিয়া সফরের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ দক্ষিণ কোরিয়ায় তার সঙ্গে সাক্ষাৎ হবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। দুই নেতার বৈঠকে দেশ দুটির মধ্যে অতিপ্রতীক্ষিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতে পারে। খবর রয়টার্স।

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার পর এটিই ডোনাল্ড ট্রাম্পের প্রথম এশিয়া সফর। তার এ সফরের প্রথম যাত্রাবিরতি ছিল মালয়েশিয়ার আসিয়ান সম্মেলন। এর শেষ ধাপে অংশ নিতে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট।

মালয়েশিয়ায় পৌঁছেই চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বিষয়ে ইতিবাচক মনোভাব দেখান ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ কোরিয়ায়ও এর পুনরাবৃত্তি করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বেইজিং অবৈধ মাদক ফেন্টানাইল রফতানি সীমিত করবে। এর প্রতিক্রিয়ায় কমিয়ে আনা হবে চীনা পণ্যের ওপর মার্কিন শুল্ক।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্র কিছু চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক প্রয়োগ করছে। ফেন্টানাইল বিষয়ে ঐকমত্য হলে তা অর্ধেক পর্যন্ত কমিয়ে আনা হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতার বৈঠক মার্কিন-চীন সম্পর্কের বিকাশে নতুন মাত্রা যোগ করবে। বেইজিং একসঙ্গে কাজ করতে প্রস্তুত।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে অমীমাংসিত বাণিজ্য আলোচনাও ডোনাল্ড ট্রাম্পের এ সফরে গুরুত্ব পাচ্ছে। গত জুলাইয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি ঘোষণা করা হয়েছিল। তখন শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রে ৩৫০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল সিউল। তবে সেই বিনিয়োগের কাঠামো নিয়ে আলোচনা স্থগিত রয়েছে।

এর আগে মঙ্গলবার জাপান সফরে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক শক্তি বৃদ্ধির প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানান তিনি। এছাড়া বাণিজ্য ও দুষ্প্রাপ্য খনিজ বিষয়ে চুক্তিতে স্বাক্ষর হয়।

আরও