ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়ায় সাতক্ষীরার খুচরা বাজারে চালের দাম কমেছে। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি খুচরা চাল বিক্রয় প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, প্রকারভেদে খাদ্যশস্যটির দাম কমেছে কেজিতে ৪-৫ টাকা।
সুলতানপুর বড় বাজারের খুচরা চাল বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স আইয়ুব এন্টারপ্রাইজে গতকাল প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হয়েছে ৬৮ টাকা দরে। এ সময় চিকন ব্রি ২৮ জাত ও মোটা জাতের চালের দাম ছিল যথাক্রমে কেজিপ্রতি ৬০ ও ৪৮ টাকা। এছাড়া বাসমতী চালের দাম কেজিতে ৮২ টাকায় নেমে এসেছে।
এক থেকে দেড় মাস আগেও প্রতি কেজি মিনিকেটের দাম ছিল ৭২ টাকা। এছাড়া ২৮ জাতের চাল কেজিতে ৬৪ টাকা ও মোটা চাল ৫০-৫২ টাকা দরে বিক্রি হতো। সে সময় প্রতি কেজি বাসমতী চালের দাম ছিল ৯০ টাকা।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের ১৫ ফেব্রুয়ারি থেকে স্থলবন্দরটি দিয়ে সব ধরনের চাল আমদানি বন্ধ হয়ে যায়। এর টানা ছয় মাস পর ১৯ আগস্ট পুনরায় এ স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়।
আরো জানা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১৯ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে ১ লাখ ৭৪ হাজার ৭২৮ টন চাল আমদানি হয়েছে, যার মূল্য ছিল ৯৬৭ কোটি ৫৭ লাখ টাকা।
সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে জানান, সরবরাহ বাড়ায় সাতক্ষীরার বাজারে চালের দাম কমে এসেছে। তাছাড়া নতুন আমন ধান উঠলে দাম আরো কমে আসতে পারে।