ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) অন্যান্য ভোজ্যতেলের দরপতনের প্রভাবে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে। বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে গতকাল ভোজ্যতেলটির মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ৪ হাজার ৫০৮ রিঙ্গিতে (১ হাজার ৬৭ দশমিক ২৩ ডলার)। এটি আগের দিনের তুলনায় টনে ৫ রিঙ্গিত বা দশমিক ১১ শতাংশ কম। খবর বিজনেস রেকর্ডার।
মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল গতকাল জানিয়েছে, ২০২৬ সালের আগ পর্যন্ত অপরিশোধিত পাম অয়েলের দর টনপ্রতি ৪ হাজার ৪০০ রিঙ্গিতের (১ হাজার ৪২ ডলার) ওপরে স্থিতিশীল থাকতে পারে।
কার্গো সার্ভেয়ার প্রতিষ্ঠান ইন্টারটেক টেস্টিং সার্ভিসের তথ্যানুসারে, ১ থেকে ২০ অক্টোবর মালয়েশিয়ার পাম অয়েলজাত পণ্য রফতানি সেপ্টেম্বরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। অ্যামস্পেক এগ্রি মালয়েশিয়া জানিয়েছে, তাদের হিসাবে বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ।
ডিসিইতে গতকাল সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ২২ শতাংশ। এ সময় পাম অয়েলের দরপতন হয়েছে দশমিক ৮১ শতাংশ। তবে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দাম দশমিক ১২ শতাংশ বেড়েছে।